কলকাতা

চোরবাগান কাণ্ডে নয়া মোড়! প্রেসিডেন্সি জেলে দুই অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ, কেন এই পদক্ষেপ?

প্রেসিডেন্সি জেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে

Truth of Bengal: চোরবাগান দুর্গাপুজোর মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় তদন্তে আরও এক ধাপ এগোল পুলিশ। মণ্ডপ ভেঙে পড়ার ঘোষণা ঠিক কে করেছিলেন, তা নিশ্চিত করতেই এবার দুই অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হল। ধৃত কুশল মজুমদার ওরফে কালিয়া এবং সঞ্জীব রাহা ওরফে সেন্টুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। প্রেসিডেন্সি জেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার সূত্রপাত দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায়। চোরবাগান মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সামলাতে যখন হিমশিম অবস্থা, ঠিক সেই সময় মাইকে ভেসে আসে একটি ঘোষণা—‘মণ্ডপ ভেঙে যাচ্ছে!’ অভিযোগ, এই ঘোষণার পরই দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই বিশৃঙ্খলার জেরেই পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১৯ জন। আহত হন আরও অনেকে। এরপরই প্রশ্ন ওঠে, মাইকে ওই ঘোষণা করেছিলেন কে? কেনই বা এমন ঘোষণা করা হয়েছিল?

তদন্তে নেমে পুলিশ দুই ঘোষককে সন্দেহের তালিকায় রাখে। প্রথমে গ্রেফতার করা হয় চোরবাগান পুজো কমিটির কোষাধ্যক্ষ সঞ্জীব রাহাকে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। শেষ পর্যন্ত নদিয়া থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করানো হয়। এরপর গ্রেফতার হন অপর ঘোষক কুশল মজুমদার ওরফে কালিয়া। কুশলের গ্রেফতারির পর তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক পোস্ট সামনে আসে। সেখানে হাতে লেখা একটি নোটের ছবিও প্রকাশ করা হয়েছিল। ওই পোস্টে দাবি করা হয়, পুলিশের এক আধিকারিকের নির্দেশেই সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়ে দর্শনার্থীদের মণ্ডপ থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল। কী পরিস্থিতিতে তিনি ওই ঘোষণা করেছিলেন, তা নিয়ে আগেই পুলিশের কাছে নিজের বক্তব্য জানিয়েছেন কুশল। বিশেষ তদন্তকারী দল বা সিটও তাঁর বক্তব্য শুনেছে।

তদন্তকারীদের হাতে আসা তথ্য অনুযায়ী, দুর্ঘটনার ঠিক আগে সঞ্জীব ওরফে সেন্টু কালিয়াকে জানিয়েছিলেন যে তিনি ভিতরে যাচ্ছেন। অর্থাৎ, পুজো কমিটির সদস্যদের বসার জায়গায় যাচ্ছিলেন তিনি। সেই সময় ঘোষণার দায়িত্ব নেন কালিয়া। কিন্তু তাঁর ঘোষণা দুর্ঘটনার সূত্রপাত ঘটিয়েছিল কি না, কিংবা ঘোষণার সময়ের সঙ্গে পদপিষ্ট হওয়ার ঘটনার ঠিক কী সম্পর্ক, তা এখনও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মণ্ডপের সিসিটিভি ফুটেজ। চোরবাগান মণ্ডপে মোট ৩০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। পুলিশ দু’টি ডিভিআর বাজেয়াপ্ত করে। একটি ডিভিআরে ১৪টি এবং অন্যটিতে ১৬টি ক্যামেরার ফুটেজ থাকার কথা। কিন্তু সূত্রের খবর, একটি ডিভিআর থেকে মাত্র ১৩টি ক্যামেরার ফুটেজ উদ্ধার হয়েছে। বাকি ক্যামেরাগুলির ফুটেজ কেন পাওয়া গেল না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ঘোষণার সময়, পরিস্থিতি এবং ঘোষকের পরিচয় নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষার প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারীরা। সেই কারণেই আদালতের অনুমতি নিয়ে দুই অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। এবার সেই নমুনার সঙ্গে ঘটনার সময় মাইকে রেকর্ড হওয়া কণ্ঠস্বর মিলিয়ে দেখবেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যেই রয়েছেন সঞ্জীব রাহা এবং কুশল মজুমদার। দুই ঘোষকের কণ্ঠস্বর পরীক্ষার রিপোর্ট সামনে এলে দুর্ঘটনার আগে মাইকে ঘোষণা ঘিরে তৈরি হওয়া রহস্যের জট খুলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে এই ঘোষণার সঙ্গে দুর্ঘটনার প্রকৃত যোগসূত্র কী, তার উত্তর এখনও অধরা।

Related Articles