দেশ

ঠাকুমা-বাবাকে হারানোর যন্ত্রণা, সোনিয়ার স্মৃতিকথা প্রকাশে আবেগপ্রবণ রাহুল

মায়ের স্মৃতিকথা প্রকাশের মঞ্চে বাবা রাজীব গান্ধী ও মা সোনিয়ার দাম্পত্য জীবনের নানা মিষ্টি স্মৃতি ভাগ করে নিলেন রাহুল।

Truth of Bengal: সোমবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ বিরোধী শিবিরের একাধিক নেতা। মায়ের স্মৃতিকথা প্রকাশের মঞ্চে বাবা রাজীব গান্ধী ও মা সোনিয়ার দাম্পত্য জীবনের নানা মিষ্টি স্মৃতি ভাগ করে নিলেন রাহুল। ফিরে গেলেন নিজের শৈশবেও।

রাহুল জানান, ছোটবেলায় খাবার খাওয়ার সময় বাবা রাজীব গান্ধীর কোলে বসতেন মা সোনিয়া। বিষয়টি তাঁর কাছে এতটাই স্বাভাবিক ছিল যে একবার বন্ধুকেও জিজ্ঞাসা করেছিলেন, তার মা কেন বাবার কোলে বসেন না! বাবা-মায়ের ভালোবাসার এই ছোট ছোট মুহূর্তই তাঁর শৈশবের অন্যতম প্রিয় স্মৃতি।

স্মৃতিচারণ করতে গিয়ে বাবা-মায়ের একবারের মনোমালিন্যের কথাও তুলে ধরেন রাহুল। তাঁর দাবি, ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে ফোনে কথা বলার সময় সোনিয়া গান্ধী রাজীবকে কয়েকবার কিছু বলার চেষ্টা করেছিলেন। তাতে বিরক্ত হয়েছিলেন রাজীব। রাহুলের কথায়, জীবনে ওই একবারই তিনি নিজের বাবা-মাকে বিবাদে জড়াতে দেখেছিলেন।

এরপর ঠাকুমা ইন্দিরা গান্ধী এবং বাবা রাজীব গান্ধীকে হারানোর যন্ত্রণার কথাও তুলে ধরেন কংগ্রেস সাংসদ। পরপর দুই প্রিয়জনকে হারানোর স্মৃতি যে তাঁদের পরিবারকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল, তা স্পষ্ট হয়ে ওঠে তাঁর বক্তব্যে।

রাহুলের কথায়, রাজীব গান্ধীর মৃত্যুর পর সম্পূর্ণ বদলে গিয়েছিলেন সোনিয়া গান্ধী। যে মা একসময় হাসিখুশি ও প্রাণবন্ত ছিলেন, স্বামীর মৃত্যুর পর তাঁর জীবনের আনন্দ যেন নিভে গিয়েছিল। মায়ের স্মৃতিকথা প্রকাশের অনুষ্ঠানে রাহুলের এই আবেগঘন স্মৃতিচারণ উপস্থিত সকলের নজর কাড়ে।

Related Articles