কাশ্মীরে বড়সড় সাফল্য! যৌথ বাহিনীর গুলিতে খতম জঙ্গি, এখনও জারি গুলির লড়াই
Truth of Bengal: জম্মু-কাশ্মীরের গান্ডেরবাল জেলার আরাহামা এলাকায় মঙ্গলবার রাত থেকে বড়সড় জঙ্গি দমন অভিযান শুরু করেছে ভারতীয় সেনা, পুলিশ এবং সিআরপিএফ। গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পরই ওই এলাকাটি ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। যৌথ বাহিনীর এই বিশেষ অভিযানে বুধবার সকাল পর্যন্ত এক জঙ্গির নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে অভিযান চলাকালীন একটি বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালাতে শুরু করে। অন্ধকারের মধ্যেই দুপক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে গুলির লড়াই চলে। শ্রীনগরে সেনার চিনার কোর জানিয়েছে, এলাকাটি সম্পূর্ণ সিল করে দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বুধবার সকালে সংঘর্ষস্থল থেকে এক অজ্ঞাতপরিচয় জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর অনুমান, ওই এলাকায় আরও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও তল্লাশি অভিযান থামানো হয়নি। বুধবার সকালেও নতুন করে অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং চিরুনি তল্লাশি জারি রেখেছে। যতক্ষণ না অবশিষ্ট জঙ্গিদের হদিশ মিলছে, ততক্ষণ এই অভিযান চলবে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, উপত্যকায় গত কয়েক সপ্তাহ ধরে অনুপ্রবেশ ও জঙ্গি তৎপরতা দমনে অত্যন্ত সক্রিয় রয়েছে সেনাবাহিনী। এর প্রায় দুই সপ্তাহ আগেই উরির বুচার এলাকায় অনুপ্রবেশের চেষ্টার সময় সেনার সঙ্গে সংঘর্ষে এক পাকিস্তানি জঙ্গি নিহত হয়েছিল। গান্ডেরবালের এই সাম্প্রতিক ঘটনাটি ওই ধারাবাহিক অভিযানেরই অংশ বলে মনে করা হচ্ছে।





