কলকাতায় জাল পরিচয়ে বসবাসের অভিযোগ, শিয়ালদহ থেকে গ্রেফতার আফগান নাগরিক
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে প্রথমবার ভারতে আসে ওই আফগান নাগরিক
Truth of Bengal: জাল নথি তৈরি করে পরিচয় গোপন করে কলকাতায় বসবাসের অভিযোগে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। মঙ্গলবার কলকাতা পুলিশের সহযোগিতায় শিয়ালদহ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে পাকড়াও করেন মধ্যপ্রদেশের গোয়েন্দারা। ধৃতের আসল নাম মির আহমেদ জার। তবে কলকাতায় সে আয়ুব খান নামে পরিচয় দিয়ে বসবাস করছিল বলে পুলিশের দাবি।
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে প্রথমবার ভারতে আসে ওই আফগান নাগরিক। পরে ২০১৭ সালে ফের এদেশে প্রবেশ করে। এরপর কখনও মধ্যপ্রদেশের জব্বলপুর, আবার কখনও কলকাতায় থাকত সে। এদেশে থাকার জন্য আয়ুব খান নামে একাধিক জাল পরিচয়পত্র তৈরি করেছিল বলে অভিযোগ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ভাটপাড়া পুরসভার শংসাপত্র, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। এমনকী এসআইআর-এর তালিকা থেকেও তার নাম বাদ পড়েছিল। পরে ফের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছিল সে। পুলিশের দাবি, সম্প্রতি মধ্যপ্রদেশে অভিযান চালিয়ে পাঁচজন আফগান নাগরিককে গ্রেপ্তার করেন সেখানকার গোয়েন্দারা। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই জাল পরিচয়পত্র ব্যবহার করে ভারতে বসবাসের অভিযোগ ওঠে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই আয়ুব খান ওরফে মির আহমেদ জারের সন্ধান পান তদন্তকারীরা।
সেই সূত্র ধরেই কলকাতায় অভিযানের পরিকল্পনা করা হয়। মঙ্গলবার কলকাতা পুলিশের সহায়তায় আমহার্স্ট স্ট্রিট এলাকার এপিসি রোডে পৌঁছন মধ্যপ্রদেশ পুলিশের আধিকারিকরা। শিয়ালদহের কাছে একটি গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। এই ঘটনায় শুধু ওই ব্যক্তির জাল পরিচয়পত্র নয়, এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জাল নথি তৈরির সঙ্গে কারা যুক্ত, কীভাবে সেই নথি সংগ্রহ করা হয়েছিল এবং এই চক্রের জাল কতদূর বিস্তৃত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।






