রাজ্যের খবর

‘জাস্টিস ফর ডুয়ার্স রানি’! বাঘিনির ভ্রূণ নষ্টের অভিযোগে বক্সা টাইগার রিজার্ভের দফতরে সরব পরিবেশপ্রেমীরা

পরীক্ষা না করেই বিহার থেকে বক্সায় আনা হয়েছিল অন্তঃসত্ত্বা বাঘিনিকে? দোষীদের কঠোর শাস্তির দাবিতে স্মারকলিপি জমা!

Truth of Bengal: ‘জাস্টিস ফর ডুয়ার্স রানি’, এই লেখা সংবলিত ফেস্টুন হাতে নিয়ে এবার বক্সা টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টরের (FD) দফতরে হাজির হলেন পরিবেশপ্রেমীরা। মঙ্গলবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার একাধিক পরিবেশপ্রেমী একত্রিত হয়ে বাঘিনির সামগ্রিক ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে ফিল্ড ডিরেক্টরের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

এদিন আন্দোলনকারীদের তরফে অনির্বাণ মজুমদার ক্ষোভ উগরে দিয়ে বলেন, “বাঘিনিটি অন্তঃসত্ত্বা কি না, তা যথাযথভাবে পরীক্ষা না করেই কেন বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বক্সাতে আনা হলো? শুধু তাই নয়, বাঘিনিটি অসমে চলে যাওয়ার পর তাকে একপ্রকার জোর করে ফের বক্সাতে ফিরিয়ে আনা হয়। একটি বন্যপ্রাণীকে স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া হয়নি। বারবার ঘুমপাড়ানি গুলি ও স্থানান্তরের জেরে বাঘিনির ভ্রূণ নষ্ট হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।”

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘিনিটিকে কাবু করা হয় এবং ৩০ সেপ্টেম্বর আকাশ ও সড়কপথে বক্সা টাইগার রিজার্ভের ২৫ মাইল এলাকার এনক্লোজারে ছাড়া হয়। ১ অক্টোবর গলার রেডিও কলার খুলে যাওয়ায় ফের ঘুমপাড়ানি গুলি করে কলার পরানো হয়। এরপর ২ অক্টোবর মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় বনমন্ত্রীর উপস্থিতিতে এনক্লোজারের দরজা খোলা হলেও ৪ অক্টোবর বিকেলে বাঘিনিটি চম্পট দেয়। পরে ২৩ অক্টোবর অসমে তার হদিশ মিললে ৩ নভেম্বর ফের ঘুমপাড়ানি গুলি করে তাকে বক্সার এনক্লোজারে ফিরিয়ে আনা হয়। তবে ৮ নভেম্বর ফের এনক্লোজার ছেড়ে বেরিয়ে বর্তমানে বক্সার কোর এলাকাতেই রয়েছে বাঘিনিটি।

এদিকে, বন দফতর সূত্রে জানা গিয়েছে, বক্সার কোর এলাকায় বাঘিনিটি বর্তমানে বেশ সুস্থ ও স্বাভাবিক রয়েছে এবং মঙ্গলবার নিশ্চিন্তে শিকার ধরে খেয়েছে। ফলে বাঘিনিটির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কর্তৃপক্ষ। এই বিতর্কের মাঝেই রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ জানান, “দু’টি বাঘিনি ও একটি বাঘ নিয়ে বাঘেদের একটি আদর্শ ইউনিট তৈরি হয়। তাই এই বাঘিনিটি কিছুদিন থাকার পর এনটিসিএ (NTCA)-র অনুমতি সাপেক্ষে আমরা আরও এক বাঘিনি ও একটি বাঘকে বক্সাতে আনার পরিকল্পনা করছি।”

Related Articles