দেশ

পনির রোল থেকে বাদামের হালুয়া, নৈশভোজে পুতিনের জন্য আর কী কী ছিল?

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন-সহ কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন।

Truth Of Bengal: রাষ্ট্রপতি ভবনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় রন্ধনশৈলীর বৈচিত্র্য তুলে ধরতে সেখানে পরিবেশন করা হয় সম্পূর্ণ নিরামিষ মেন্যু, যেখানে আঞ্চলিক স্বাদ, মৌসুমি উপাদান ও ঐতিহ্যবাহী রান্নার কৌশলকে গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন-সহ কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন।

নৈশভোজের শুরু হয় সজনে পাতা ও মুগ ডালের তৈরি মুরুনগেলাই চারু স্যুপ দিয়ে। অ্যাপেটাইজারে ছিল গুচি দুন চেতিন (স্টাফড কাশ্মীরি মরেল ও আখরোট চাটনি), কালা চানা শিকামপুরি কাবাব পুদিনা সস ও শিরমালের সঙ্গে, এবং পেলমেনি-অনুপ্রাণিত ভেজিটেবল ঝোল মোমো।

প্রধান খাবারে ছিল জাফরানি পনির রোল, পালং মেথি মটরের সাগ, তন্দুরি ভরওয়াল আলু, আচারি বেগুন এবং হলুদ ডাল তড়কা। সঙ্গে পরিবেশন করা হয় ড্রাই-ফ্রুট জাফরানি পোলাও, লাচ্ছা পরোটা, মিসি রুটি ও মগজ নানের মতো বিভিন্ন ভারতীয় রুটি।

ডেজার্টে ছিল বাদামের হালুয়া, কেশর-পিস্তা কুলফি এবং তাজা ফল। সঙ্গে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী স্ন্যাকস—মুরুক্কু, গুড় সন্দেশ—এবং গংগুরা আচার, আমের চাটনি, নানা ধরনের স্যালাড। পানীয় হিসেবে ছিল বেদানা, কমলা, গাজর-আদা ও বিটরুটের কুলার।

নৈশভোজকে কেন্দ্র করে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হয় ভারত-রাশিয়া সাংস্কৃতিক পরিবেশনা। নেভাল ব্যান্ডের “মেসিনাল লাভ” শিরোনামের অনুষ্ঠানে সরোদ, সারঙ্গী ও তবলা শিল্পীরা ভারতীয় শাস্ত্রীয় রাগ—অমৃতবর্ষিণী, খমজ, যমন, শিবরঞ্জিনী, নলিনাকান্তি—এবং রুশ সুর ‘কালিনকা’র সংমিশ্রণ পরিবেশন করেন। এছাড়াও ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ গানটি উপস্থাপিত হয়। চাইকোভস্কির ‘দ্য নাটক্র্যাকার স্যুট’-এর অংশ বাজিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠান শেষ হয় রাগ ভৈরবী ও রাগ দেশ দিয়ে।

দু’দিনের সফর শেষে পুতিন শুক্রবার রাতে দিল্লি ত্যাগ করেন। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। নৈশভোজের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনকে উপহার দেন উৎকৃষ্ট অসম কালো চা এবং মুর্শিদাবাদের রুপোর কারুকাজ করা চায়ের সেট।

Related Articles