“সন্ত্রাসবাদ রুখতে কোনও দ্বিচারিতা চলবে না”, মালয়েশিয়া থেকে কড়া বার্তা মোদির
সন্ত্রাসবাদ রুখতে ভারতের নীতি অত্যন্ত স্পষ্ট এবং এ বিষয়ে কোনও রকম দ্বিচারিতা বা আপসের জায়গা নেই।
Truth of Bengal: মালয়েশিয়া সফরে গিয়ে সন্ত্রাসবাদ দমনে ভারতের আপসহীন অবস্থানের কথা আরও একবার বিশ্বমঞ্চে স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কুয়ালালামপুরে পৌঁছানোর পর রবিবার সকালে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকের পর যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা দেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ রুখতে ভারতের নীতি অত্যন্ত স্পষ্ট এবং এ বিষয়ে কোনও রকম দ্বিচারিতা বা আপসের জায়গা নেই।
প্রধানমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এল যখন পাকিস্তানের ইসলামাবাদে সাম্প্রতিক এক আত্মঘাতী বিস্ফোরণের দায় ভারতের ওপর চাপানোর চেষ্টা করছে ইসলামাবাদ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে, আফগান তালিবানের সহযোগিতায় ভারত এই হামলা চালিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে উড়িয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটে মালয়েশিয়ার মাটি থেকে মোদীর ‘আপসহীন’ বার্তার লক্ষ্য যে পাকিস্তান, তা নিয়ে কূটনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। সন্ত্রাসবাদ বিরোধিতার পাশাপাশি ভারত ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং সেমিকন্ডাক্টর শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মালয়েশিয়াকে ভারতের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী হিসেবে উল্লেখ করে মোদী বলেন, দুই দেশের মধ্যে শত বছরের পুরনো সাংস্কৃতিক ও গণতান্ত্রিক মেলবন্ধন রয়েছে। বর্তমানে মালয়েশিয়া হলো ভারতীয় বংশোদ্ভূতদের দ্বিতীয় বৃহত্তম ঠিকানা, যা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করে তুলেছে।
প্রতিরক্ষা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশ একযোগে কাজ করার অঙ্গীকার করেছে। মোদী আরও জানান, ইন্দো-প্যাসিফিক বা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য মালয়েশিয়ার সঙ্গে ভারতের জোটবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও ভারতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন।






