ফারুখাবাদে বিমান দুর্ঘটনা, সাহসী পাইলটের কারণে বাঁচল বহু প্রাণ
সূত্রের খবর, ফারুখাবাদের একটি বিমানঘাঁটি থেকে টেক-অফের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারায় ছোট ওই জেট বিমানটি।
Truth Of Bengal: অল্পের জন্য বড় বিপদ এড়াল উত্তরপ্রদেশ। বৃহস্পতিবার দুপুরে রাজ্যের ফারুখাবাদ জেলার কোতোয়ালি মোহাম্মদাবাদ এলাকায় ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট বিমান। বিমানটি টেক-অফের পরেই নিয়ন্ত্রণ হারায় জেটটি। এর পরেই কোটওয়ালি মোহম্মদাবাদ এলাকায় ফাঁকা জমির উপরে ভেঙে পড়ে তা। কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। তবে সৌভাগ্যবশত, প্রাণে বেঁচে গিয়েছেন বিমানে থাকা দুই পাইলট ও যাত্রীরা। সূত্রের খবর, ফারুখাবাদের একটি বিমানঘাঁটি থেকে টেক-অফের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারায় ছোট ওই জেট বিমানটি। পাইলটরা বুঝতে পারেন, কোনও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তখনই দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাঁরা বিমানে থাকা যাত্রীদের নিরাপদে বের করে দেন। মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে জেটটি।
দুর্ঘটনায় গুরুতর হতাহতের খবর না মিললেও, তিন জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন একটি নির্মীয়মাণ বিয়ার কারখানার ম্যানেজিং ডিরেক্টরও। জানা গিয়েছে, তিনিই ওই জেটে করে ফ্যাক্টরির সাইট ইনস্পেকশনে যাচ্ছিলেন। ভেঙে পড়া জেটটির রেজিস্ট্রেশন নম্বর ‘ভিটি-ডিইজেড’, যা জেট সার্ভিস এভিয়েশন প্রাইভেট লিমিটেড-এর মালিকানাধীন। দুর্ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম), পুলিশ ও দমকল কর্মীরা। বিমানটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল, তা জানতে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটেছে এই দুর্ঘটনা।স্থানীয় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সৌভাগ্যবশত বড় কোনও বিপর্যয় ঘটেনি। বিমানে থাকা সকলেই নিরাপদে রয়েছেন। তদন্তে জানা যাবে, কীভাবে উড়ান শুরুর পরেই বিমানটির ভারসাম্য নষ্ট হয়ে যায়। উত্তরপ্রদেশের ফারুখাবাদে এই ভয়াবহ দুর্ঘটনায় পাইলটদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেলেন সবাই।






