সরকারের আশ্বাসেও মেলেনি সমাধান! সিবিআই তদন্তের দাবিতে উত্তাল ঝাড়খণ্ড, পড়ুয়াদের বিধানসভা অভিযান
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেমন্ত সোরেন সরকারের দাবি ছিল, আন্দোলনকারীদের ৯৮ শতাংশ দাবি ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে এবং তিনটি পরীক্ষাও বাতিল করা হয়েছে।
Truth of Bengal: ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) ও স্টাফ সিলেকশন কমিশনের (JSSC) নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ঝাড়খণ্ড। নিরপেক্ষ সিবিআই-ইডি তদন্ত, সম্পূর্ণ স্বচ্ছতা না আসা পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা এবং দুর্নীতির বিচার—এই ৩ দফা দাবিতে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে এক সপ্তাহেরও বেশি সময় ধরে অনশনে বসেছেন হাজার হাজার পরীক্ষার্থী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেমন্ত সোরেন সরকারের দাবি ছিল, আন্দোলনকারীদের ৯৮ শতাংশ দাবি ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে এবং তিনটি পরীক্ষাও বাতিল করা হয়েছে। কিন্তু বিবাদের মূল কেন্দ্র হয়ে উঠেছে সিবিআই তদন্তের দাবি। রাজ্য সরকার কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করাতে নারাজ থাকায় রবিবার মোরাবাদির সরকারি অতিথিশালায় আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকটি পুরোপুরি ব্যর্থ হয়।
বৈঠক ভেস্তে যাওয়ার পর আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন পরীক্ষার্থীরা। ছাত্রনেতা সঞ্জয় মেহতা জানান, সরকার তাঁদের ১০০ শতাংশ দাবি না মানায় সোমবার পুরনো বিধানসভা ভবন থেকে নতুন বিধানসভা ভবন পর্যন্ত শান্তিপূর্ণ বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে সাধারণ পড়ুয়াদের সমর্থন নিয়ে তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিয়োগ দুর্নীতির নিরপেক্ষ সিবিআই তদন্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ অব্যাহত থাকবে।






