দেশ

সংসদে বদলে যাচ্ছে হিসেব-নিকেশ? ডিলিমিটেশন ইস্যুতে এবার মোদি-শাহদের পাশে সাবেক শরিক!

একই সঙ্গে পাঞ্জাবে বিজেপি ও অকালি দলের পুরনো রাজনৈতিক জোট পুনরুজ্জীবিত হওয়ার জল্পনাও আরও জোরালো হলো।

Truth of Bengal: দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই বড় ঘোষণা করল পাঞ্জাবের সাবেক শাসকদল শিরোমণি অকালি দল। কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) বিলে সমর্থনের কথা আনুষ্ঠানিকভাবে জানালেন অকালি প্রধান সুখবীর সিং বাদল। এই সিদ্ধান্তের ফলে বিল পাশের ক্ষেত্রে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সমীকরণে মোদী সরকার আরও খানিকটা সুবিধাজনক জায়গায় পৌঁছাল। একই সঙ্গে পাঞ্জাবে বিজেপি ও অকালি দলের পুরনো রাজনৈতিক জোট পুনরুজ্জীবিত হওয়ার জল্পনাও আরও জোরালো হলো।

উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে এনডিএ-র অন্যতম গুরুত্বপূর্ণ শরিক হলেও ২০২০ সালের কৃষক আন্দোলনের জেরে বিজেপির সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছিল অকালি দল। পরবর্তীতে ২০২২ সালের বিধানসভা নির্বাচনে আলাদাভাবে লড়ে দুটি দলই চরম ব্যর্থতার মুখে পড়ে এবং পাঞ্জাবে আম আদমি পার্টি ক্ষমতায় আসে। দীর্ঘ বিরোধের পর সম্প্রতি মোদী-বাদল বৈঠক এবং তার পরপরই আসন পুনর্বিন্যাসে অকালিদের এই সমর্থনকে দুই দলের বরফ গলার বড় ইঙ্গিত হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

শনিবার সুখবীর সিং বাদল জানান, নারী উন্নয়ন ও গুরুদের দেখানো সমতার আদর্শকে প্রাধান্য দিতেই তাঁরা মহিলা সংরক্ষণ বিল দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছেন। আর সেই লক্ষ্যেই আসন পুনর্বিন্যাসের মাধ্যমে দেশের আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর কেন্দ্রীয় প্রস্তাবকে তাঁরা সমর্থন করছেন। যদিও লোকসভায় অকালি দলের সাংসদ সংখ্যা মাত্র এক, তবু প্রাক্তন শরিকের এই রাজনৈতিক সমর্থন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, বিরোধী দলগুলির মধ্যে দূরত্ব কমাতে এবং বিলের পক্ষে সমর্থন বাড়াতে ওয়াইএসআর কংগ্রেস, বিজেডি এবং ডিএমকে-র মতো আঞ্চলিক দলগুলির সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে কেন্দ্র।

Related Articles