সুপ্রিম কোর্টে বড় স্বস্তি! শর্তসাপেক্ষে বিদেশযাত্রার অনুমতি পেলেন অভিষেক
“চিকিৎসা করানো মৌলিক অধিকার!”, হাইকোর্টের নির্দেশ উড়িয়ে অভিষেককে কী জানালেন দেশের শীর্ষ আদালত?
Truth of Bengal: চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে অবশেষে বড়সড় আইনি স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রায়কে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেয়, আগামী তিন সপ্তাহের জন্য চিকিৎসার উদ্দেশ্যে অভিষেক বিদেশে যেতে পারবেন এবং এই সময়ে তাঁর বিদেশযাত্রায় কোনো প্রকার বাধা সৃষ্টি করা যাবে না।
মামলার পর্যবেক্ষণে বিচারপতি জয়মাল্য বাগচী উল্লেখ করেন, কেবল কারও বিরুদ্ধে আইনি মামলা ঝুলে রয়েছে বলেই তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা নিতে বাধা দেওয়া যায় না। প্রত্যেক নাগরিকের নিজের ইচ্ছেমতো জায়গায় গিয়ে চিকিৎসা করানোর পূর্ণ অধিকার রয়েছে।
এর আগে কলকাতা হাইকোর্টে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে চরম ধাক্কা খেয়েছিলেন তৃণমূল সাংসদ। বুধবার হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর বিদেশযাত্রার আর্জি সরাসরি খারিজ করে দেন। আদালত নির্দেশ দিয়েছিল, চিকিৎসার প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে অভিষেককে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে যেতে হবে, যেখানে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড তাঁর স্বাস্থ্য পরীক্ষা করবে। তবে অভিষেকের আইনজীবী স্পষ্ট জানিয়ে দেন যে তাঁর মক্কেল এসএসকেএম-এ যাবেন না। এই অবস্থানের পর বিচারপতি ভট্টাচার্য পুরো মামলাটিই খারিজ করে দেন।
হাইকোর্টের এই সিদ্ধান্তের পর গত ৭ আগস্ট গভীর রাতেই সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়েন অভিষেক। উল্লেখ্য, এর আগেও এই মামলাটি শীর্ষ আদালতে উঠেছিল। তখন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ নির্দেশ দিয়েছিল যাতে হাইকোর্ট সাত দিনের মধ্যে এই আর্জির দ্রুত নিষ্পত্তি করে। কিন্তু হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর পুনরায় শীর্ষ আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে সমস্ত আইনি জট কাটিয়ে সুপ্রিম কোর্টের তরফে তিন সপ্তাহের এই ছাড়পত্র মিলল।






