আগামী সপ্তাহেই সংসদে পেশ হতে চলেছে নতুন আয়কর বিল: কেন্দ্রীয় অর্থমন্ত্রী
New Income Tax Bill to be introduced in Parliament next week: Union Finance Minister
Truth Of Bengal: নতুন আয়কর বিল আগামী সপ্তাহেই সংসদে পেশ করা হবে। বাজেট পেশের সময় এ কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারের বাজেটে এটি অর্থমন্ত্রীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা বলে মনে করা হচ্ছে।
নতুন এই আয়কর বিল নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। অর্থনৈতিক বিশেষজ্ঞরাও অনুমান করেছিলেন যে বাজেটে এ নিয়ে কোনও ঘোষণা আসতে পারে। অবশেষে অর্থমন্ত্রী নিজেই জানিয়ে দিলেন নতুন আয়কর বিল সংসদে আসতে চলেছে।
কেন আনা হচ্ছে নতুন আয়কর বিল?
নতুন এই বিলের মূল উদ্দেশ্য হল বর্তমান আয়কর আইনের সরলীকরণ করা এবং করদাতাদের বোঝা কমানো। বর্তমান আয়কর আইন অনেক জটিল, যা সাধারণ মানুষের জন্য বোঝা কঠিন। তাই এই নতুন আইনকে আরও স্বচ্ছ ও সহজ করার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার।
অর্থমন্ত্রী সীতারমণ জানিয়েছেন, নতুন আয়কর আইন আগের তুলনায় অনেক ছোট হবে। বর্তমান আইনের তুলনায় এর পরিধি অর্ধেক করা হবে, যাতে করদাতা ও কর নির্ধারণকারীরা সহজেই এটি বুঝতে পারেন। ফলে কর সংক্রান্ত আইনি জটিলতাও অনেক কমে যাবে।
প্রসঙ্গত, গতবারের বাজেটেই অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার আয়কর আইনের সরলীকরণের কথা ভাবছে। সেই পরিকল্পনাই এবার বাস্তবায়িত হতে চলেছে। নতুন আইনের ফলে কর ব্যবস্থায় স্বচ্ছতা আসবে এবং সাধারণ মানুষ সহজেই এটি বুঝতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।






