কলকাতারাজ্যের খবর

আকভানের রেশ কাটতেই ফের নতুন ঘূর্ণাবর্তের ইঙ্গিত বঙ্গোপসাগরে! কী জানাল মৌসম ভবন?

আবহাওয়ার বর্ধিত পূর্বাভাসে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে

Truth of Bengal: ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতে না কাটতেই ফের বঙ্গোপসাগরে নতুন আবহাওয়া ব্যবস্থা তৈরির সম্ভাবনা। নভেম্বরের শেষ সপ্তাহে আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই ঘূর্ণাবর্ত কি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে? বাংলার আবহাওয়াতেই বা এর কী প্রভাব পড়বে? এক প্রতিবেদন অনুযায়ী, ১৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়ার বর্ধিত পূর্বাভাসে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। নভেম্বরের শেষ দিকে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় এই সিস্টেম তৈরি হতে পারে।

তবে সম্ভাব্য ঘূর্ণাবর্তের অবস্থান, শক্তি কিংবা গতিপথ নিয়ে এখনই কোনও নির্দিষ্ট পূর্বাভাস দিতে নারাজ আবহাওয়া দফতর। IMD-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, বর্ধিত পূর্বাভাসে আপাতত সম্ভাব্য সিস্টেমটির কথা বলা হয়েছে। এই মুহূর্তে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়। তাঁর কথায়, এই বিষয়ে আরও স্পষ্ট পূর্বাভাস দেওয়ার জন্য এখনই সময় হয়নি। পরবর্তী বুলেটিনগুলির দিকে নজর রাখতে হবে। এদিকে, চলতি বছর বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড় তৈরি হওয়া নিয়েও প্রশ্ন উঠছে। মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে চার থেকে পাঁচটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি থাকে। চলতি বছরে ইতিমধ্যেই তিনটি ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে প্রভাব ফেলেছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এবারের পরিস্থিতির সঙ্গে ১৯৮৭ সালের শক্তিশালী এল নিনো পরিস্থিতির কিছুটা মিল রয়েছে। এল নিনোর প্রভাবেই বিশ্বজুড়ে আবহাওয়ার স্বাভাবিক ছন্দে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে নতুন ঘূর্ণাবর্ত নিয়ে এখনই আতঙ্কের কোনও কারণ নেই। পশ্চিমবঙ্গের জন্য আপাতত নতুন ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়নি। সম্ভাব্য সিস্টেমটি কতটা শক্তিশালী হবে এবং কোন দিকে এগোবে, তা স্পষ্ট না হওয়া পর্যন্ত বাংলায় তার প্রভাব সম্পর্কেও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।