নতুন মন্ত্রীদের নিয়ে বিকেলে নিজের বাসভবনে বৈঠক মোদির
Modi held a meeting with the new ministers at his residence in the afternoon

The Truth Of Bengal : নিজের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে রবিবার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয় মোদি-সরকারের ৭২ জন সদস্যকে নিয়ে সোমবার বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠক হবে মোদির বাসভবনে। বিকেল পাঁচটার মধ্যে সবাইকে হাজির হতে বলা হয়েছে। শপথ নেওয়ার আগে রবিবার দুপুরে প্রত্যেকের সঙ্গে বৈঠক করেছিলেন মোদি। রাষ্ট্রপতি ভবনে মোদি ছাড়াও রবিবার সন্ধ্যায় পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ৩০ জন এবং প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ৪১ জন। প্রধানমন্ত্রীকে নিয়ে মন্ত্রী হিসেবে মোট ৭২ জন শপথ নিয়েছেন।
নতুন মন্ত্রীরা শপথ নিলেও এখনও কাউকে দফতর দেওয়া হয়নি। কে কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন, তা জানেন না। জানা যাচ্ছে, আজ বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে বাসভবনে হতে চলা বৈঠকে মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন নিয়ে আলোচনা হতে পারে। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। ফলে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদটি খালি হতে চলেছে। সেই পদে কাকে বসানো হবে, তা নিয়েও চর্চা চলছে। আজ বৈঠক শেষে নতুন মন্ত্রীরা যাবেন জেপি নাড্ডার বাড়িতে। সেখানে নৈশভোজের আয়োজন আছে।
মোদি সরকারের শুরুটা অবশ্য মসৃণ হয়নি। সরকারে যোগ দিলেন না জোটের অন্যতম শরিক এনসিপি (অজিত পাওয়ার) গোষ্ঠী। অজিত পাওয়ার একটি পূর্ণমন্ত্রী পদ চেয়েছিলেন। কিন্তু, তাঁদের দাবি মানেনি জোটের বড় শরিক বিজেপি। অজিত পাওয়ারের দলকে একটি প্রতিমন্ত্রীর পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি। আর তাতেই গোসা হয় অজিত পাওয়ারের। এখনই মন্ত্রিসভায় যোগ না দিয়ে আপাতত অপেক্ষার রাস্তায় হাঁটছেন তিনি। যা নিয়ে মহারাষ্ট্রে ও দিল্লিতে এখন জোর চর্চা চলছে।






