Manikrao Kokate: কৃষকদের নিয়ে বিতর্কের পর এবার বিধানসভায় তাস, কৃষিমন্ত্রকের পদ খোয়ালেন মানিকরাও
ঘটনার পরই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ও উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার জরুরি বৈঠকে বসেন।
Truth of Bengal: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটের। কয়েক মাস আগেই কৃষকদের নিয়ে করা তাঁর এক মন্তব্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল, যার জেরে অস্বস্তির মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকার এবং এনসিপি নেতৃত্বকে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের নয়া বিতর্কে জড়িয়ে পড়লেন মানিকরাও। এবার অভিযোগ আরও গুরুতর। বিধানসভায় অধিবেশন চলাকালীন মানিকরা অনলাইনে তাস খেলার দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে পড়েছে, এবং তা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।(Manikrao Kokate)
[আরও পড়ুনঃ NSS Campaign: কলেজের NSS ইউনিটের “মশা নিধন” কর্মসূচি: সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত]
এই ঘটনার খেসারতস্বরূপ কৃষিমন্ত্রিত্ব হারাতে হল মানিকরাও কোকাটেকে। তবে তাঁকে একেবারে খালি হাতে ফেরানো হয়নি। তাঁর ‘খেলার প্রতি আগ্রহ’কে সম্মান জানিয়ে তাঁকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী করা হয়েছে। ঘটনার পরই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ও উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার জরুরি বৈঠকে বসেন। মানিকরাও যেহেতু এনসিপির অজিত পওয়ার গোষ্ঠীর বিধায়ক, তাই দলীয় সমীকরণও গুরুত্ব পায় আলোচনায়। শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয়, তাঁকে কৃষিমন্ত্রকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। সেই পদে দায়িত্ব পেয়েছেন আর এক এনসিপি নেতা দত্তাত্রেয় ভরণে।(Manikrao Kokate)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
দলের অন্দরে ক্রমবর্ধমান চাপ এবং বিরোধীদের তোপ সামাল দিতেই এই রদবদল বলে মনে করা হচ্ছে। যদিও প্রশাসনিক সূত্রে খবর, প্রথমদিকে মানিকরাওকে সরানোর পরিকল্পনা ছিল না। কিন্তু বিধানসভায় বসে খেলার দৃশ্য ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। দল ও সরকার- দু’পক্ষেই শুরু হয় চাপের রাজনীতি। এটাই প্রথম নয়। শস্যবিমা নিয়ে মানিকরাওয়ের বিতর্কিত মন্তব্য আগেই তোপের মুখে ফেলেছিল সরকারকে।(Manikrao Kokate)
তিনি বলেছিলেন, ‘ আজকাল ভিখারিরাও এক টাকা নেয় না। অথচ আমরা এক টাকার বিনিময়ে কৃষকদের শস্যবিমা দিচ্ছি। কিছু মানুষ এর অপব্যবহার করছেন।’ এই মন্তব্য ঘিরেও কৃষক মহলে ক্ষোভ ছড়িয়েছিল। পরে তিনি দাবি করেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। সব মিলিয়ে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ায় শেষমেশ কৃষিমন্ত্রকের দায়িত্ব হারালেও, রাজনীতি ও প্রশাসনের কৌশলী রদবদলে মানিকরাওয়ের হাতে তুলে দেওয়া হয়েছে ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব। রাজনৈতিক মহলের কটাক্ষ- ‘তাস খেলায় ধরাও পড়েছেন, খেলাধুলার মন্ত্রকই আপনার জন্য মানানসই।’






