দেশ

Madrasa Scandalভর্তির আগে ‘ভার্জিনিটি টেস্ট’! মোরাদাবাদের মাদ্রাসার শর্তে তোলপাড়

মাদ্রাসা কর্তৃপক্ষ ওই ছাত্রীর চারিত্রিক স্খলন নিয়ে মিথ্যা অভিযোগ তুলেছে বলেও জানা গেছে।

Truth of Bengal: উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি মাদ্রাসার বিরুদ্ধে এক কিশোরী ছাত্রীকে ভর্তির আগে ‘ভার্জিনিটি টেস্ট’ (Virginity Test) করিয়ে আনার মর্মান্তিক শর্ত দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, মাদ্রাসা কর্তৃপক্ষ ওই ছাত্রীর চারিত্রিক স্খলন নিয়ে মিথ্যা অভিযোগ তুলেছে বলেও জানা গেছে। পুরো ঘটনাটি সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মোরাদাবাদের বাসিন্দা ওই কিশোরী ছাত্রী মাদ্রাসার পরবর্তী ক্লাসে ভর্তি হতে গেলে তাকে ‘মেডিকেল টেস্টে’ উত্তীর্ণ হয়ে সতীত্বের প্রমাণ দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের তরফে আরও দাবি করা হয়, মেয়েটির সঙ্গে তার বাবার ‘অবৈধ সম্পর্ক’ রয়েছে। এই অশ্লীল অভিযোগ তুলে ওই ছাত্রীকে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার কথা বলা হয়। শর্ত দেওয়া হয়, মেডিকেল টেস্টে পাশ করলে তবেই তাকে পড়াশোনা করতে দেওয়া হবে।

এই ঘটনায় হতবাক হয়ে যান ছাত্রীর মা। তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে মেয়ের জন্য টিসি (Transfer Certificate) দাবি করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ টিসি দিতে রাজি হলেও, টিসি-তে কারণ হিসেবে ওই ছাত্রীর সঙ্গে তার বাবার ‘অবৈধ সম্পর্কের মিথ্যা অভিযোগ’ উল্লেখ করে। জানা গেছে, টিসি নিয়ে ঝামেলা চলাকালীন মাদ্রাসা কর্তৃপক্ষ ওই ছাত্রীর মায়ের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে নেয়। টাকা নেওয়া সত্ত্বেও মাদ্রাসার পক্ষ থেকে ওই ছাত্রীকে অশালীন বলে দাবি করা হয়।

ঘটনা প্রকাশ্যে আসার পর ছাত্রীর বাবা সংশ্লিষ্ট মাদ্রাসার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তিনি ক্যামেরার সামনে মোরাদাবাদের মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁর মেয়ের চরিত্রে মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগ করেন। তাঁর মেয়ের বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগের ভিডিয়ো সামনে আসতেই তোলপাড় শুরু হয়। পুলিশ এই গুরুতর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে এবং জোরদার তদন্ত শুরু করেছে।

Related Articles