Kerala Kumbh Mela: বার কেরলে বসতে চলেছে উত্তর ভারতের ঐতিহ্যবাহী কুম্ভমেলা, তারিখ ঘোষণা বাম সরকারের
দক্ষিণ ভারতের এক প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২৬ সালের ১৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই কুম্ভমেলা আয়োজিত হবে।
Truth of Bengal: উত্তর ভারতের ঐতিহ্যবাহী কুম্ভমেলার ধারণা এবার কেরলে বাস্তবায়িত হতে চলেছে। বামশাসিত কেরল সরকার আগামী বছর ইতিহাস তৈরি করতে চলেছে। দক্ষিণ ভারতে সাধারণত কুম্ভমেলার মতো এত বড় ধর্মীয় সমাবেশ দেখা যায় না, তবে এবার পিনারাই বিজয়নের সরকার এই বৃহৎ মেলার আয়োজন করছে। দক্ষিণ ভারতের এক প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২৬ সালের ১৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই কুম্ভমেলা আয়োজিত হবে। মেলার স্থান হল কেরলের মলপ্পুরমে ভরতপুঝা নদীর তীরে তিরুনাভায়া নব মুকুন্দ মন্দির।
আসলে ভরতপুঝা নদীর তীরে অবস্থিত তিরুনাভায়া নব মুকুন্দ মন্দিরের কাছে ঐতিহ্যবাহী মামানাকাম উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এবং এটিও ১২ বছর অন্তর অন্তর আয়োজিত হয়, যা কুম্ভের মতোই একটি চক্র। এবার এই মামানাকাম উৎসবকেই কুম্ভমেলার আকারে বড় করে তোলা হচ্ছে। কুম্ভের মতোই এখানে যাবতীয় রীতিনীতি পালন করা হবে এবং পুণ্যস্নানের আয়োজন থাকবে।
এই পুরো কুম্ভমেলা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের বৃহত্তম ধর্মীয় আখড়াগুলির অন্যতম জুনা আখড়ার ওপর। জুনা আখড়ার প্রধান মহামণ্ডলেশ্বর স্বামী আনন্দবনম ভারতী জানিয়েছেন, তাঁদের সংগঠনের নেতৃত্বেই কেরলে এই কুম্ভমেলা আয়োজিত হবে। মহামণ্ডলেশ্বর স্বামী আনন্দবনম ভারতী বলেন, “কেরলের ধর্মীয় এবং সামাজিক ঐতিহ্য বজায় আছে। কুম্ভ মেলার মতো ধর্মীয় উৎসবে দীর্ঘদিন ধরেই মাতোয়ারা হয় কেরলবাসী। সেই ঐতিহ্যকেই আমরা এগিয়ে নিয়ে যাব।”
উল্লেখযোগ্যভাবে, মহামণ্ডলেশ্বর স্বামী আনন্দবনম ভারতী একসময় এসএফআইয়ের (SFI) সঙ্গে যুক্ত ছিলেন। মনে করা হচ্ছে, তিনিই কেরলের বাম সরকারকে এই কুম্ভমেলার প্রস্তাব দিয়ে থাকতে পারেন। সাম্প্রতিককালে পিনারাই বিজয়নের সরকার ধর্মীয় বিষয়ে ভালোই মনোযোগ দিচ্ছে বলে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। কিছুদিন আগেই সে রাজ্যে সবরীমালা মন্দিরকে ঘিরে আয়াপ্পান মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে, আর এবার তারা কুম্ভের আয়োজন করতে চলেছে।






