হাই কোর্টে ফের ধাক্কা কেন্দ্রের, শাঘ্রই ১০০ দিনের কাজ শুরুর নির্দেশ
এই নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস'দের ডিভিশন বেঞ্চ।
Truth Of Bengal: অবিলম্বে বাংলা চালু করতে হবে ১০০ দিনের কাজ। শুক্রবার কেন্দ্র সরকারকে এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের তরফ থেকে। পাশাপাশি, রাজ্যের যে অর্থ প্রাপ্য বা বকেয়া রয়েছে, কেন্দ্রকে তা নিয়ে হলফনামাও দিতে হবে। মামলার পরবর্তী শুনানি এক মাস পর। এই নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস’দের ডিভিশন বেঞ্চ। যদিও কেন্দ্রের যে তাতে কোনও আপত্তি নেই, তা জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, কয়েকমাস আগে কলকাতা হাই কোর্টের তরফ থেকে রাজ্যে ১০০ দিনের কাজ প্রকল্প চালু করার নির্দেশ দেওয়া হয়। আদালত স্পষ্ট জানায় যে এভাবে ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া যায় না কোনও কেন্দ্রীয় প্রকল্প। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল গেরুয়া শিবির। মামলাটি উঠেছিল বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চে। তবে সেখানেও ধাক্কা খায় তারা। যে রায় দিয়েছিল কলকাতা হাই কোর্ট, তা বহাল রাখা হয়। এদিন সেই মামলার শুনানি ছিল এবং তাতে কেন্দ্রকে দেওয়া হয় কড়া নির্দেশ।
উল্লেখ্য, গত ৩-৪ বছর ধরে বন্ধ ছিল ১০০ দিনের কাজের মজুরি, যা নিয়ে লাগাতার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আওয়াজ তোলা হয় কেন্দ্রের বিরুদ্ধে। এমনকি দিল্লিতে গিয়েও দাবি জানিয়েছিলেন ঘাসফুল শিবিরের প্রতিনিধিরা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে। কিন্তু তাতে সমস্যার সমাধান না হওয়ায়, আদালত পর্যন্ত জল গড়ায় এবং হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট, দুই জায়গাতেই জয় পায় রাজ্য।






