দেশ

শনিবারেও ইন্ডিগোর বিপর্যয় অব্যাহত, তবু আশার বাণী সংস্থার

তবে বাস্তবে শনিবারও দেখা গেল একই ছবি— লম্বা লাইন, বিপুল ভিড় এবং একের পর এক ফ্লাইট বাতিল।

Truth Of Bengal: দেশজুড়ে বিমান পরিষেবা কার্যত বিপর্যস্ত। ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে বসে থাকতে হচ্ছে যাত্রীদের। পরপর উড়ান বাতিলের জেরে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। ক্ষুব্ধ যাত্রীরা ইতিমধ্যেই বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছেন। এর মধ্যেই দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে বাস্তবে শনিবারও দেখা গেল একই ছবি— লম্বা লাইন, বিপুল ভিড় এবং একের পর এক ফ্লাইট বাতিল।

শনিবার সকালে কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরে তিনটি আন্তর্জাতিক ও তিনটি ঘরোয়া উড়ান বাতিল হয়। অন্যদিকে আহমেদাবাদ বিমানবন্দরে মধ্যরাত থেকে ভোর ৬টার মধ্যে বাতিল হয়েছে মোট ১৯টি উড়ান। চেন্নাই বিমানবন্দরে সকাল ৯টা পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়ায় ২৯।

উল্লেখ্য, শুক্রবার সারা দেশে বাতিল হয়েছিল এক হাজারেরও বেশি উড়ান। তার আগের দিন, বৃহস্পতিবার, বাতিল হওয়া উড়ানের সংখ্যা ছিল প্রায় ৫৫০। আশা করা হচ্ছে, শনিবার মোট বাতিল ফ্লাইটের সংখ্যা ১,০০০-এর নিচে নেমে আসতে পারে, ফলে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে ফেরার সম্ভাবনা রয়েছে।

এমন অবস্থায় বহু যাত্রী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। তাঁদের আবেদন, প্রধান বিচারপতি যেন বিষয়টি দ্রুত হস্তক্ষেপ করে দেখেন।

শুক্রবার রাতে ইন্ডিগো তাদের এক্স (X) হ্যান্ডলে একটি পোস্ট করে জানায়, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইন্ডিগোর বিমান চলাচল ধীরে ধীরে শুরু হয়েছে। সাময়িক বিঘ্ন কাটিয়ে পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরছে। বাড়ি থেকে বের হওয়ার আগে অনুগ্রহ করে আপনার বুকিং ও ফ্লাইটের বর্তমান অবস্থান পরীক্ষা করে নিন।”

যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন ইন্ডিগোর সিইও পিটার এলবার্সও। তিনি জানিয়েছেন, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করতে সংস্থা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

Related Articles