ভোটার তালিকা থেকে হাওয়া হেভিওয়েট সাংসদ! বিজেপিতে যোগ দিয়েই পাঞ্জাবে বড় ধাক্কা রাঘব চাড্ডার
সদ্য প্রকাশিত পাঞ্জাবের খসড়া তালিকায় দেখা গিয়েছে, মোট ভোটারের প্রায় ৯.৭ শতাংশ অর্থাৎ ২০ লক্ষ ৬৬ হাজারের বেশি নাম বাদ পড়েছে
Truth of Bengal: পাঞ্জাবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক। খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ রাঘব চাড্ডার নাম। মোহালির ভোটার রাঘবকে ‘পার্মানেন্টলি শিফটেড’ বা স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার হিসেবে দেখানো হয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে রাঘবের অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার কারণেই আপ সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। এই মুহূর্তে পাঞ্জাব-সহ কয়েকটি রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। সদ্য প্রকাশিত পাঞ্জাবের খসড়া তালিকায় দেখা গিয়েছে, মোট ভোটারের প্রায় ৯.৭ শতাংশ অর্থাৎ ২০ লক্ষ ৬৬ হাজারের বেশি নাম বাদ পড়েছে। সেই তালিকাতেই রয়েছে রাঘব চাড্ডার নাম।
বিষয়টি সামনে আসতেই কটাক্ষ করেছে আম আদমি পার্টি। দলের তরফে বলা হয়েছে, রাঘব রাজনৈতিক আদর্শ থেকে সরে গিয়েছেন, তাই ভোটার তালিকা থেকেও তাঁর নাম সরে গিয়েছে। যদিও সেই মন্তব্যকে রাজনৈতিক বিদ্রুপ হিসেবেই দেখছে বিজেপি শিবির। রাঘবের দাবি, বিষয়টি নিছক কোনও প্রশাসনিক ভুল নয়। তাঁর অভিযোগ, আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে নিশানা করা হচ্ছে। পাঞ্জাব সরকারের আধিকারিকদের ব্যবহার করেই তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। রাঘবের কথায়, তিনি যখন থেকে আপ নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন, তখন থেকেই তাঁর বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শুরু হয়েছে। শুধু তিনিই নন, আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অন্য সাংসদদেরও একইভাবে নিশানা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
চলতি বছরের এপ্রিল মাসে আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা। তাঁর সঙ্গে আরও ছ’জন আপ সাংসদ বিজেপির পতাকা হাতে নেন। দলত্যাগের সময় রাঘব বলেছিলেন, নিজের রাজনৈতিক জীবনের ১৫ বছর তিনি আপকে দিয়েছেন, কিন্তু দলটি আর পুরনো আদর্শে নেই। তাঁর অভিযোগ ছিল, আপ এখন দেশের স্বার্থের বদলে ব্যক্তিগত স্বার্থে কাজ করছে। সেই সিদ্ধান্তের কয়েক মাস পরই SIR-এ নিজের নাম বাদ পড়ায় এবার নতুন করে আপ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেন রাঘব। তাঁর দাবি, বিজেপিতে যোগ দেওয়ার মূল্যই তাঁকে এইভাবে দিতে হচ্ছে।






