Kuno cheetah: কুনো জাতীয় উদ্যানে ফের চিতাশাবকের মৃত্যু
বৃহস্পতিবার জঙ্গলে ছাড়া হয়েছিল যে শাবকটিকে, শুক্রবার সেই শাবকের মৃতদেহ উদ্ধার করেন বনকর্মীরা।
Truth of Bengal: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ফের এক চিতাশাবকের মৃত্যুকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধছে। বন দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার জঙ্গলে ছাড়া হয়েছিল যে শাবকটিকে, শুক্রবার সেই শাবকের মৃতদেহ উদ্ধার করেন বনকর্মীরা। মৃত চিতাশাবকটি ছিল বীরা নামে এক স্ত্রী চিতার সন্তান। বয়স মাত্র ১০ মাস।বন দফতরের এক আধিকারিক জানান, বৃহস্পতিবার আন্তর্জাতিক চিতা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মোহন যাদব বীরা ও তার দুই শাবককে কুনোর বনে মুক্ত করে দেন।
মনে করা হচ্ছে, রাতে মায়ের কাছ থেকে দুই শাবকের মধ্যে একটি আলাদা হয়ে পড়েছিল। কীভাবে তার মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।তবে বন দফতর দাবি করেছে, বর্তমানে বীরা ও তার দুই শাবকই সুস্থ এবং সবল। তবুও হঠাৎ শাবক মৃত্যুর ঘটনায় রহস্য বাড়ছে। কুনোতে এখন মোট ২৮টি চিতা রয়েছে—এর মধ্যে ৮টি পূর্ণবয়স্ক (৫টি স্ত্রী, ৩টি পুরুষ) এবং ২০টি শাবক। কর্তৃপক্ষের বক্তব্য, প্রত্যেকটি চিতা এখন পর্যন্ত সুস্থ।






