দেশ

রাহুল-খাড়গেদের পিটিশনে চরম কেলেঙ্কারি! সুপ্রিম কোর্টে এক ধাক্কায় ১৪টি বড় ভুল খোদ বিরোধীদের

২২০ টাকা আদালতের ফি বাকি, খাড়গের ভোটার কার্ডও ঝাপসা! শীর্ষ আদালতে গিয়ে নাকানিচোবানি ইন্ডি জোটের

Truth of Bengal: ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচনে অবাধ কারচুপির মারাত্মক অভিযোগ এনে সুপ্রিম কোর্টের দোরগোড়ায় পৌঁছেছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA Bloc)। কিন্তু আদালতের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই প্রশাসনিক বিপাকে পড়লেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ বিরোধী নেতৃত্ব। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যৌথভাবে দায়ের করা ওই চাঞ্চল্যকর পিটিশনে আদালত মোট ১৪টি মারাত্মক প্রযুক্তিগত ও নিয়মসংক্রান্ত ত্রুটি চিহ্নিত করেছে। নির্ধারিত কোর্ট ফি না দেওয়া থেকে শুরু করে আবেদনকারীদের প্রয়োজনীয় আইনি অনুমোদনের অভাব, সবমিলিয়ে শুনানির আগেই শীর্ষ আদালতের রেজিস্ট্রিতে আটকে গেল বিরোধীদের মামলা।

সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে নজিরবিহীন সুপ্রিম কোর্ট অভিযান চালিয়েছিল বিরোধী জোট। তাদের অভিযোগ ছিল, এসআইআরের আড়ালে চক্রান্ত করে আসল ভোটারদের নাম ছেঁটে ফেলা হচ্ছে এবং দেশজুড়ে ‘ভোট চুরি’ চলছে। সেই প্রেক্ষিতেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীকে প্রতিপক্ষ করে ১০টি গুরুত্বপূর্ণ দাবিতে মামলা ঠুকেছিলেন বিরোধীরা। আবেদনকারীদের তালিকায় রাহুল গান্ধী, খাড়গে ছাড়াও ছিলেন তৃণমূলের সৌগত রায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, সুপ্রিয়া সুলে, সঞ্জয় রাউতের মতো শীর্ষ নেতারা। কিন্তু শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত হতেই সব উৎসাহে জল ঢেলে দেয় সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রি শাখা।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, জমা দেওয়া নথিপত্রে যে ১৪টি বড় ভুল ধরা পড়েছে তা বেশ বিস্ময়কর। প্রথমত, আদালতের ফি বাবদ ২২০ টাকা কম জমা দেওয়া হয়েছে। প্রধান ৯ জন বিরোধী আবেদনকারীর আইনি ‘অথরাইজেশন’ বা অনুমতিপত্র জমা পড়েনি, এমনকি একাধিক আইনজীবীর ‘ওকালতনামা’ যুক্ত করা হয়নি। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিচয়পত্রের যে ফটো কপি জমা দেওয়া হয়েছে, তা অত্যন্ত ঝাপসা ও অস্পষ্ট। এছাড়া আবেদনের একাধিক পৃষ্ঠায় ফন্টের সাইজ ছোট হওয়া, পৃষ্ঠা নম্বর না থাকা, আঞ্চলিক ভাষার অনুবাদের অভাব এবং রঙিন কপি জমা না দেওয়ার মতো অপেশাদার ভুল তুলে ধরেছে রেজিস্ট্রি।

আইন বিশেষজ্ঞদের মতে, প্রধান বিচারপতি সূর্য কান্ত ইতিপূর্বেই জানিয়েছিলেন যে রাজনীতি না করে যে কোনA নাগরিক আইনি পথে বিচার চাইতে পারেন। কিন্তু শীর্ষ আদালতে এভাবে ত্রুটিপূর্ণ আবেদন জমা দেওয়ায় ব্যাপক অস্বস্তিতে পড়েছে ‘ইন্ডিয়া’ জোট। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি সাফ জানিয়ে দিয়েছে, তালিকাভুক্ত করার আগে এই সমস্ত ১৪টি ত্রুটি অবিলম্বে সংশোধন করে নতুন করে নথি পেশ করতে হবে। বিরোধীরা এই খামতি দ্রুত মিটিয়ে মঙ্গলবার নতুন করে আবেদন করবে বলেই দিল্লির প্রশাসনিক সূত্রে খবর।

Related Articles