দেশ

অবিবাহিতা ও বিধবাদের সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ, সংসদে পেশ নতুন বিল

দ্বিতীয় বিলটি অবিবাহিত, বিধবা ও দুর্দশাগ্রস্ত মহিলাদের জন্য সরকারি হস্তক্ষেপের প্রস্তাব রাখে।

Truth Of Bengal: নারী কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংসদে ঐতিহাসিক দুটি বিল পেশ করেছেন কংগ্রেস সাংসদ কাদিয়াম কাব্য। এদিন লোকসভায় তিনি দুটি প্রস্তাবনা উপস্থাপন করেন। প্রথম বিলে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বিলটিতে বলা হয়েছে, সরকারি, বেসরকারি এবং অসংগঠিত খাতে কর্মরত মহিলাদের জন্য পরিষ্কার শৌচাগার ও পর্যাপ্ত স্যানিটারির ব্যবস্থা আইনত বাধ্যতামূলক করা হোক। এতে ঋতুস্রাব চলাকালীন মহিলাদের স্বাস্থ্যঝুঁকি কমানো যাবে এবং কর্মক্ষেত্রে তাঁদের অগ্রগতি সহজতর হবে।

দ্বিতীয় বিলটি অবিবাহিত, বিধবা ও দুর্দশাগ্রস্ত মহিলাদের জন্য সরকারি হস্তক্ষেপের প্রস্তাব রাখে। বিলটিতে দাবি করা হয়েছে, এই মহিলাদের জরুরি আর্থিক সাহায্য, মাসিক ভাতা, আবাসস্থল এবং জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রদান করা হোক। সংসদে কাব্য বলেন, দেশের বহু বিধবা শ্বশুরবাড়ি বা পিতৃগৃহ থেকে পরিত্যক্ত হয়ে শোচনীয় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। এদের আয়ের কোনো উৎস নেই এবং অনেকের সন্তান নিয়ে চরম দারিদ্যের মধ্যে জীবনযাপন করতে হয়। গ্রামীণ এলাকায় এই বিধবারা যৌন নির্যাতন বা জোরপূর্বক পতিতাবৃত্তির শিকার হন, আবার কিছু ক্ষেত্রে ‘ডাইনি’ হিসেবে চিহ্নিত হন। বেশিরভাগ বিধবা জীবিকা নির্বাহের জন্য পরিচারিকা হিসেবে কাজ করেন।

এছাড়া সাংসদ কাব্য মহিলাদের ঋতুকালীন ছুটিরও দাবি করেছেন। তিনি উল্লেখ করেন, ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক গবেষণায় দেখা গেছে, মহিলাদের ঋতুকালীন ব্যথা প্রায় হার্ট অ্যাটাকের মতো তীব্র হয়। তাই বিশেষ ওই দিনগুলিতে কর্মরত মহিলাদের ছুটি পাওয়ার অধিকার থাকা উচিত। বিল অনুযায়ী, প্রতি মাসে দুই দিন মহিলাদের জন্য সবেতন ছুটি থাকা উচিত যাতে তাঁরা বিশ্রাম নিতে পারেন।

এই নতুন দুটি বিল নারীর স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তাকে কেন্দ্র করে সুস্পষ্ট প্রস্তাবনা উপস্থাপন করেছে এবং দেশের নারীদের জন্য এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে মনে করা হচ্ছে।