কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন না অভিষেক, ডিজে মামলায় ফের হাজিরা এড়ানোর অভিযোগ
নির্ধারিত সময় পেরিয়ে বেলা গড়িয়ে দুপুর হলেও আদালতে আসেননি তিনি
Truth of Bengal: ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ থাকলেও আদালতে হাজির হলেন না ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১০টার মধ্যে বিধাননগর আদালতে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে বেলা গড়িয়ে দুপুর হলেও আদালতে আসেননি তিনি। এই নিয়ে দ্বিতীয়বার আদালতের নির্দেশ সত্ত্বেও হাজিরা এড়ালেন অভিষেক। এর আগে মঙ্গলবার বিধাননগর এসিজিএম আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেখানেও তিনি স্বস্তি পাননি। বিধাননগর আদালতের নির্দেশই বহাল রাখে কলকাতা হাই কোর্ট। সেই অনুযায়ী বুধবার তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা ছিল। কিন্তু আদালতে হাজির না হওয়ায় নতুন করে আইনি জটিলতা তৈরি হল।
এদিন সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় এবং সিআইডির আধিকারিকরা আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে দেখা যায়নি। অভিযোগকারীর আইনজীবী রাজদীপ মজুমদার জানান, সরকার পক্ষ এবং অভিযোগকারীর পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, আগের দিনও অভিষেক হাজির হননি, এদিনও তিনি গরহাজির। তাঁদের অভিযোগ, আদালতের নির্দেশ বারবার অমান্য করা হচ্ছে। এই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানানো হয়েছে আদালতে। আদালত এই বিষয়ে কী অবস্থান নেয়, তা নিয়েই এখন নজর রাজনৈতিক ও আইনি মহলের।
প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে গত মে মাসে বাগুইআটিতে একটি জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ, ওই সভায় তিনি বলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!”






