খুনের চেষ্টার মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, আদালতের অনুমতি ছাড়া পদক্ষেপ নয়
মামলার পরবর্তী শুনানি হবে ২৩ জুলাই। আলিপুর থানায় এক আইনজীবী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিলেন
Truth of Bengal: খুনের চেষ্টার মামলায় আপাতত স্বস্তি পেলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে আগে আদালতকে জানাতে হবে—এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি হবে ২৩ জুলাই। আলিপুর থানায় এক আইনজীবী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগকারীর দাবি, প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা লড়ার কারণেই তাঁকে খুনের চেষ্টা করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে মামলার জল গড়ায় কলকাতা হাই কোর্টে।
শুনানিতে অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দেয় আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট নির্দেশ দেন, এই মামলায় অরূপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে আদালতকে আগে জানাতে হবে। পাশাপাশি, ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এদিন শুনানিতে অভিযুক্তদের লক্ষ্য করে ডিম ছোড়া এবং আক্রমণের প্রসঙ্গও উঠে আসে। আইনজীবী কিশোর দত্ত আদালতে অভিযোগ করেন, ডিম ছোড়া থেকে শুরু করে অভিযুক্তদের উপর হামলা—সবই পুলিশের সামনে ঘটছে। তিনি প্রশ্ন তোলেন, অভিযুক্তদের এভাবে কেন মারধর করা হচ্ছে?
এই প্রসঙ্গে বিচারপতি সৌগত ভট্টাচার্য গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তাঁর পর্যবেক্ষণ, কোমরে দড়ি পরিয়ে অভিযুক্তদের ঘোরানো বন্ধ হওয়া উচিত। আদালতের এই মন্তব্যের পর অভিযুক্তদের নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।






