দেশ

কুয়াশা আর দূষণে নয়ডা রাস্তায় একের পর এক গাড়ির সংঘর্ষ, যানজট চরমে

সিপিসিবির তথ্য অনুযায়ী, নয়ডা সেক্টর-১২৫-এ বাতাসের মান সূচক বা একিউআই ৪৪৯ রেকর্ড করা হয়েছে, যা ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে পড়ে।

Truth Of Bengal: দিল্লির দূষণ ক্রমেই ভয়ঙ্কর আকার ধারণ করছে। শনিবার সকাল থেকেই নয়ডার রাস্তা ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল, দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসে। এর ফলে একের পর এক গাড়ির মধ্যে ধাক্কা লেগে বেশ কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর রাস্তায় জ্যাম ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। সিপিসিবির তথ্য অনুযায়ী, নয়ডা সেক্টর-১২৫-এ বাতাসের মান সূচক বা একিউআই ৪৪৯ রেকর্ড করা হয়েছে, যা ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে পড়ে।

দূর্ঘটনা ঘটেছে গ্রেটার নয়ডার ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ও কুন্ডলি-গাজিয়াবাদ-পালওয়াল এক্সপ্রেসওয়েতে। এই এক্সপ্রেসওয়ে হরিয়ানা ও উত্তরপ্রদেশের মধ্য দিয়ে ১৩৫ কিলোমিটার দীর্ঘ এবং ছয় লেনের প্রশস্ত পথ পার হয়ে গেছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় প্রবল জ্যামও তৈরি হয়েছে।

দীপাবলির পর থেকেই দিল্লির বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। এ পরিস্থিতি মোকাবিলার জন্য ‘ক্লাউড সিডিং’ ব্যবস্থা চালু করার চেষ্টা করেছে দিল্লি সরকার। সম্প্রতি তার ট্রায়ালও হয়েছে, কিন্তু বৃষ্টি না হওয়ায় কার্যকারিতা শূন্যে। ইতিমধ্যেই তিনটি ব্যর্থ ট্রায়ালের কারণে প্রায় ১.০৭ কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু দূষণ নিয়ন্ত্রণে কোনও উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যায়নি। প্রাক্তন আইপিএস অফিসার ও বিজেপি নেত্রী কিরণ বেদি বলেছিলেন, রাজধানীর বর্তমান দূষণ পরিস্থিতি কোভিডের সময়ের সঙ্গে তুলনীয়। দীপাবলির পর সময় পেরিয়ে গেলেও বাতাসের মান এখনও স্বাভাবিক হয়নি।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বর্তমান দূষণ শিশু ও বর্ষীয়ানদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। অনেকের চোখে জ্বালা, ক্রমাগত কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। প্রশাসন জল স্প্রে করে বাতাসে ভাসমান ধূলিকণা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রাস্তায় জল ছিটানো হলেও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ফল মেলছে না।

গত শুক্রবার লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী দাবী করেন, এই বিষয়টি সরকার ও বিরোধীপক্ষের মধ্যে আলোচনার বিষয় হওয়া উচিত। কেন্দ্রও এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। আশা করা হচ্ছে, শীতকালীন অধিবেশনে সংসদে এই দূষণ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

Related Articles