বিনোদন

আড়াই হাজার পাতার চার্জশিট জমা, জুবিন গর্গ হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা

১৯ সেপ্টেম্বর সাঁতার কাটার সময় তার মৃত্যু রহস্যজনকভাবে ঘটে, যা নিয়ে অনেকেই ষড়যন্ত্রের তত্ত্ব উত্থাপন করেছিলেন।

Truth Of Bengal: অসম সরকারের গঠিত বিশেষ তদন্ত দল ‘সিট’ শুক্রবার নির্ধারিত সময়ে জমা দিয়েছে জুবিন গর্গ মৃত্যু মামলার চার্জশিট। আড়াই হাজার পৃষ্ঠার ওই চার্জশিটে চারজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের ড্রামার শেখর জ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভা মোহন্ত। এই চারজনই জুবিনের ঘনিষ্ঠ পরিচিত ছিলেন।

জুবিন গর্গের মৃত্যু ঘটে সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার সময়। ১৯ সেপ্টেম্বর সাঁতার কাটার সময় তার মৃত্যু রহস্যজনকভাবে ঘটে, যা নিয়ে অনেকেই ষড়যন্ত্রের তত্ত্ব উত্থাপন করেছিলেন। সেইমতো, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে সেপ্টেম্বর মাসে জুবিনের মৃত্যুর তদন্তের জন্য ‘সিট’ গঠন করা হয়।

গত তিন মাসে তদন্তকারীরা প্রায় ৩০০ জনকে জেরা করেছেন এবং একটি টিম সিঙ্গাপুরেও গিয়ে প্রমাণ সংগ্রহ করেছেন। চার্জশিটে জুবিনের তুতোভাই তথা প্রাক্তন পুলিশ অফিসার সন্দীপন গর্গের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

চার্জশিট জমা দেওয়ার সঙ্গে সঙ্গে জুবিনের সমাধিস্থলে ফুল ও মোমবাতি হাতে ভক্তরা ভিড় জমিয়েছেন। এই সময় সংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জুবিনের গায়িকা স্ত্রী গরিমা সাইকিয়া কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “আমি ভাবতেই পারি না, জুবিনের মতো একজন মানুষকে নিজের স্বার্থের জন্য কেউ হত্যা করতে পারে। সে সারা জীবন অন্যের জন্য নিজেকে উৎসর্গ করেছিল। তিন মাস ধরে ‘সিট’ প্রচুর পরিশ্রম করেছে এবং ফলাফল মানুষের প্রত্যাশার সঙ্গে মিলে গেছে। এখন সব বিচার ব্যবস্থার উপর নির্ভর করছে। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত হতে হবে।”

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগেই জানিয়েছিলেন, “জুবিনের মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হবে না। ডিসেম্বরের ১৭ তারিখের মধ্যে চার্জশিট জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে বিদেশে ঘটানো কোনো ঘটনার জন্য চার্জশিট জমার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। অনুমোদন পেলেই চার্জশিট জমা দেওয়া হবে।”

জুবিন মৃত্যুর ঘটনায় মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর প্রথম গ্রেপ্তার হন ব্যান্ডের ড্রামার শেখর জ্যোতি গোস্বামী। এক অক্টোবর শ্যামকানু মোহন্ত ও সিদ্ধার্থ শর্মা গ্রেপ্তার হন। ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় গায়িকা অমৃতপ্রভা মোহন্তকে। এছাড়াও জুবিনের তুতোভাইও গ্রেপ্তার হয়েছেন। ইতিমধ্যেই অসম পুলিশ শ্যামকানু মোহন্ত এবং সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে।

Related Articles