Delhi Air Pollution: ভয়াবহ বায়ুদূষণ: দিল্লিতে গড়ে ৮ বছরেরও বেশি আয়ু হারাচ্ছে মানুষ
বিশেষজ্ঞদের দাবি, যদি এই দূষণের মাত্রা হু’র মানদণ্ডে নামানো যায়, তবে দিল্লিবাসীরা গড়ে ৮ বছর পর্যন্ত আয়ু ফিরে পেতে পারেন।
Truth of Bengal: রাজধানীর আকাশে ভাসছে মৃত্যুর সঙ্কেত। বৃহস্পতিবার এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স রিপোর্ট বলছে, দিল্লির মানুষ গড়ে ৮.২ বছর আয়ু হারাচ্ছেন বায়ুদূষণের কারণে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দিল্লির বাতাসে ভাসমান সূক্ষ্ম কণিকার মাত্রা ২০২৩ সালে ছিল ৮৮.৪ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের ৮ গুণেরও বেশি। বিশেষজ্ঞদের দাবি, যদি এই দূষণের মাত্রা হু’র মানদণ্ডে নামানো যায়, তবে দিল্লিবাসীরা গড়ে ৮ বছর পর্যন্ত আয়ু ফিরে পেতে পারেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী, গড় ভারতীয় নাগরিক দূষণের কারণে প্রায় ৩.৫ বছর আয়ু হারাচ্ছেন (Delhi Air Pollution)।
আরও পড়ুনঃ Birbhum: দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত বীরভূম, পুজোর প্রস্তুতি তুঙ্গে
বর্তমানে দেশের প্রায় ১৪০ কোটি মানুষই হু’ র মানদণ্ডের তুলনায় বেশি দূষিত বাতাসে বসবাস করছেন।রিপোর্ট বলছে, যদি দেশজুড়ে হু-র মানদণ্ডে দূষণ নামানো যায়, তবে উত্তর ভারতের প্রায় ৫৪ কোটি মানুষ গড়ে ৫ বছর আয়ু ফিরে পাবেন। বিশেষজ্ঞদের মতে, দিল্লির প্রায় ৫০ শতাংশ দূষণ শহরের ভেতরের উৎস থেকেই আসে যানবাহন, শিল্প, নির্মাণকাজ ইত্যাদি। ফলে সেগুলি নিয়ন্ত্রণ করতে পারলেই দূষণের মাত্রা অনেকটা কমানো সম্ভব।এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-র ডিরেক্টর তনুশ্রী গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘ গত পাঁচ বছরের দূষণের মাত্রা দেখলে বোঝা যায়, দিল্লির মানুষ প্রায় আট বছর পর্যন্ত আয়ু হারাতে পারেন। জাতীয় মানে পৌঁছতে হলে দিল্লিকে দূষণের মাত্রা অন্তত ৫০ শতাংশ কমাতে হবে (Delhi Air Pollution)।‘
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
এবারের রিপোর্টে আরও উঠে এসেছে, দিল্লির পর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিহারে, যেখানে দূষণের কারণে গড়ে ৫.৪ বছর আয়ু কমছে। তারপরেই রয়েছে হরিয়ানা ৫.৩ বছর উত্তরপ্রদেশে ৫ বছর আয়ু কমছে। বলা বাহুল্য, দীর্ঘদিন ধরেই বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম দিল্লি।বহুবার নানা আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছে এই শহরের ভয়াবহ বায়ুমানের চিত্র। বিশেষ করে শীতকালে দূষণের মাত্রা চরম পর্যায়ে পৌঁছে যায়। আর এবার দিল্লিতে বায়ুদূষণ নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য (Delhi Air Pollution)।






