ইডির তলবে সাড়া! কামারহাটি-দক্ষিণেশ্বর হয়ে সিজিঅ কমপ্লেক্সের পথে মদন মিত্র
স্ত্রী ও দুই পুত্রকে জিজ্ঞাসাবাদের পর বুধবার কামারহাটির বিধায়ককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে তলব করা হয়েছে
Truth of Bengal: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে এবার মদন মিত্র। স্ত্রী ও দুই পুত্রকে জিজ্ঞাসাবাদের পর বুধবার কামারহাটির বিধায়ককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে তলব করা হয়েছে। সকাল থেকেই তাঁর হাজিরা ঘিরে জল্পনা চলছিল। বেলা প্রায় ১১টা নাগাদ কলকাতার বাড়ি থেকে বের হন মদন। পরনে ছিল পাজামা-পাঞ্জাবি। তবে এদিন তাঁর চোখে দেখা যায়নি পরিচিত সানগ্লাস। বাড়ি থেকে বের হতেই সাংবাদিকেরা জানতে চান, তিনি কি সরাসরি ইডি দপ্তরের উদ্দেশে রওনা দিচ্ছেন?
জবাবে মদন জানান, প্রথমে কামারহাটির বাড়িতে যাবেন। সেখান থেকে দক্ষিণেশ্বর হয়ে বিকেলের দিকে ইডি দপ্তরে হাজিরা দেবেন তিনি। এদিন বিধায়কের আচরণেও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। সাধারণত সাংবাদিকদের প্রশ্নের উত্তর হাসিমুখে দিলেও বুধবার তাঁকে বেশ গম্ভীর দেখায়। চোখেমুখে উদ্বেগের ছাপ ছিল বলেও মনে করেছেন উপস্থিত অনেকে। সাংবাদিকদের একাধিক প্রশ্নে তাঁকে কিছুটা বিরক্ত হতেও দেখা যায়।
আগের জেলযাত্রার প্রসঙ্গ তোলা হলে চড়া সুরে মদন বলেন, “আমি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। ইডি ডেকেছে। যে নথিগুলি নিয়ে যেতে বলা হয়েছে, সবই সঙ্গে নিয়ে যাব।” এই কথা বলেই গাড়িতে উঠে রওনা দেন কামারহাটির বিধায়ক। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কোন নথি ইডির হাতে তুলে দেবেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।






