সোমবার বড় চমক! টলিউডে কোন ধামাকা আনতে চলেছেন দেব-শুভশ্রী?
নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি জানালেন, এই বছর পুজোয় তাদের নতুন ছবি ‘দেশু ৭’ আসছে।
Truth Of Bengal: গত কয়েক সপ্তাহে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই নাম, দেশু-৭। ১২ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও দেব, সেই জুটি যাদের জনপ্রিয়তা এক সময় দর্শক হৃদয়ে দাপটের সঙ্গে রাজত্ব করত। দীর্ঘ বিরতির পরও দেশু নিয়ে উত্তেজনার পারদ ম্লান হয়নি। ‘ধূমকেতু’ ছবির বক্স অফিস সাফল্য প্রমাণ করেছে, বাংলার দর্শক এখনও সেই জুটিকে পর্দায় দেখতে চায়। তাই আবারও ইন্ডাস্ট্রির স্বার্থে দেব ও শুভশ্রী একসঙ্গে হাত মিলিয়েছেন।
View this post on Instagram
মাঝে যে মন-অভিমান থাকলেও তা ক্রমে ফিকে হয়ে আসছে। একে অন্যের প্রসঙ্গে মজার ছলে যে কত কথাই না বলেন, এবারও তেমনটাই। সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ঘোষণা করতে গিয়ে শুভশ্রী বললেন, শু ছাড়া দে কি সম্ভব? দেবের ২০ বছর পূর্তি উদযাপনে তাঁকে না ডাকা হয়েছিল, যা অনুরাগীদের কাছে অসম্পূর্ণ থেকে যায়। হাসিমুখে এই বিষয়টিকে আরও বড় করে তুলে ধরে শুভশ্রী জানালেন, প্রথমবারের জন্য তারা একসঙ্গে লাইভে আসছেন।
রবিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শুভশ্রী বলেন, “আপনারা সবাই জানেন, এবারের পুজোতে আমাদের ছবি দেশু-৭ আসছে। দেবের ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ হলে বড় আয়োজন হয়, কিন্তু আমায় আমন্ত্রণ করা হয়নি। শু ছাড়া দে কি সম্ভব? দেশু ছাড়া কি সেলিব্রেশন সম্ভব? তাই সোমবার আমরা একসঙ্গে প্রথমবার লাইভে আসছি। আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান, এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন।”
এখানেই থেমে যাননি তিনি। পাশাপাশি জানালেন, যে সকলের জন্য বিশেষ সারপ্রাইজ আছে, তাদের জন্য আরও বড় ঘোষণা আসছে। রাত পোহালেই বাংলা ইন্ডাস্ট্রিতে এমন কিছু ঘোষণা হতে চলেছে, যা আগে কখনও হয়নি, এমনটাই দাবি করেছেন শুভশ্রী। ‘দেশু’ প্রথমবার ফেসবুক লাইভে আসছে, আর সেখানে বিশেষ চমক থাকবে না—এমনটি তো ভাবাই যায় না। এই ঘোষণা শেয়ার হতেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়, অনুরাগীরা প্রশ্নের ঝুলি নিয়ে বসে পড়েন নেটপাড়ায়। এখন দেখার বিষয়, রাত পোহালেই এই জুটি কী চমক নিয়ে হাজির হয়।


