এক ভিডিওতেই উপার্জন লাখ টাকা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা সরকারের
একটি ভিডিও থেকেই সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন যোগ্য কনটেন্ট ক্রিয়েটররা
Truth of Bengal: সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুযোগ নিয়ে এল বিহার সরকার। রাজ্যের সোশ্যাল মিডিয়া নীতিতে গুরুত্বপূর্ণ সংশোধনী অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন নিয়ম অনুযায়ী, সরকারের বিভিন্ন প্রকল্প ও সাফল্য নিয়ে ভিডিও তৈরি করে একটি ভিডিও থেকেই সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন যোগ্য কনটেন্ট ক্রিয়েটররা। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় কোনও ভিডিও প্রকাশের পর ৩০ দিনের মধ্যে সেটি যত ভিউ পাবে, সেই হিসাবেই আর্থিক সুবিধা দেওয়া হবে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, প্রতি ১ লক্ষ ভিউয়ের জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা থাকবে। তবে একটি ভিডিওর ক্ষেত্রে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্তই পাওয়া যাবে। অর্থাৎ কোনও ভিডিও ১০ লক্ষ বা তার বেশি ভিউ পেলেও সরকারি অনুদানের সর্বোচ্চ সীমা থাকবে ১ লক্ষ টাকা।
তবে শুধুমাত্র ভিডিও ভাইরাল হলেই এই টাকা পাওয়া যাবে না। এই সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটরকে বিহার সরকারের তালিকাভুক্ত বা এম্প্যানেলড হতে হবে। সরকারের নির্ধারিত যোগ্যতা ও অন্যান্য শর্তও পূরণ করতে হবে।ক্রিয়েটরদের সোশ্যাল মিডিয়া পেজ, হ্যান্ডেল বা চ্যানেলের ফলোয়ার সংখ্যা এবং অন্যান্য তথ্যও সময় সময় যাচাই করবে সরকার। ভিউয়ের সত্যতা, কনটেন্টের গুণমান এবং নির্দিষ্ট প্ল্যাটফর্মের তথ্য যাচাই করার পরেই অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। বিহারের তথ্য ও জনসংযোগ দফতর শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করবে। সেখানে কোন ধরনের কনটেন্ট এই প্রকল্পের আওতায় পড়বে, কারা আবেদন করতে পারবেন এবং এম্প্যানেলমেন্টের পদ্ধতি কী হবে—সবকিছু বিস্তারিত জানানো হবে।
সরকারের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য জনকল্যাণমূলক প্রকল্প এবং সরকারের বিভিন্ন কাজের তথ্য ডিজিটাল মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া। একইসঙ্গে রাজ্যের যুবক-যুবতী ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন আয়ের পথ তৈরি করাও এই নীতির অন্যতম উদ্দেশ্য। ফলে বিহার সরকারের প্রকল্প ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে নিয়ম মেনে ভিডিও তৈরি করলে কনটেন্ট ক্রিয়েটরদের সামনে এবার আয় করার নতুন সুযোগ খুলে যেতে পারে। তবে চূড়ান্ত নিয়মকানুন স্পষ্ট হবে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরেই।



