বিহার কংগ্রেসে টিকিট বণ্টন নিয়ে প্রকাশ্যে ক্ষোভ! সদাকত আশ্রমে ধর্না
বৃহস্পতিবার পাটনার সদাকত আশ্রমে একদল কংগ্রেস নেতা ও কর্মী টিকিট বণ্টনের বিরুদ্ধে ধর্না ও বিক্ষোভ দেখান।
Truth Of Bengal: বিহারে মহাগঠবন্দনের পক্ষ থেকে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণার দিনই রাজ্য কংগ্রেসে টিকিট বণ্টনকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ্যে। বৃহস্পতিবার পাটনার সদাকত আশ্রমে একদল কংগ্রেস নেতা ও কর্মী টিকিট বণ্টনের বিরুদ্ধে ধর্না ও বিক্ষোভ দেখান।
Congress workers stage protest against party’s Bihar Incharge Krishna Allavaru over mismanagement in ticket distribution. pic.twitter.com/t84ilFZLkt
— News Arena India (@NewsArenaIndia) October 23, 2025
অভিযোগকারীদের দাবি, প্রার্থী নির্বাচনে স্বচ্ছতা ছিল না এবং আর্থিক লেনদেনের ভিত্তিতে একাধিক দুর্বল প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। ধর্নায় উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন আনন্দ মাধব, ছত্রপতি যাদব, গজানন্দ শাহী, নাগেন্দ্র বিকল ও বচ্চু সিংহ সহ কয়েকজন জেলা সভাপতি ও সিনিয়র কর্মী।
বিক্ষোভকারীরা রাজ্য প্রভারী কৃষ্ণা আল্লাওয়ারু এবং প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও ভুল তথ্য তুলে ধরার অভিযোগ আনেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে মাঠে কাজ করা কর্মীদের উপেক্ষা করে বাইরের বা নতুন ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে, যা সংগঠনের ভাবমূর্তি ও একতা—দুটোর জন্যই ক্ষতিকর।
বিক্ষোভস্থলে ব্যানার–পোস্টার টাঙিয়ে প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভকারীরা হাইকম্যান্ডের কাছে টিকিট বণ্টন প্রক্রিয়ার পর্যালোচনা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে কংগ্রেসের এক মুখপাত্র জানান, দলে মত প্রকাশের অধিকার থাকলেও নির্বাচনের মুখে এই ধরনের প্রকাশ্য প্রতিবাদ বিরোধীদেরই সুবিধা দিতে পারে বলে মত প্রকাশ করেছেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে এই অভ্যন্তরীণ বিরোধকে কংগ্রেসের সংগঠনগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।






