দেশ

আজ নীতীশের শপথ গ্রহণ, দশম বারের জন্য বসতে চলেছেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে

নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। এর আগে নীতীশ কুমারের সরকারে উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধরি এবং বিজয় সিনহা।

Truth Of Bengal: বিপুল আসন জয়ের পুরস্কার পেতে চলেছেন নীতীশ কুমার। দিশক বারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আজ শপথ নিতে চলেছেন তিনি। বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জেডিইউ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন নীতীশ কুমার। পরে আবার তাঁকে এনডিএ-এর নেতা ঘোষণা করা হয়। যার অর্থ তিনি ফের বসতে চলেছেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে। এনডিএ-এর বৈঠকের পর যা সরকারিভাবে নিশ্চিত হয়ে গেল। তারপর তিনি রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিয়ে মন্ত্রিসভা ভেঙে দেন।

মঙ্গলবার রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নীতীশ। এরপর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। এর আগে নীতীশ কুমারের সরকারে উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধরি এবং বিজয় সিনহা। এই দু’জন ফের উপ মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ মন্ত্রিসভায়। এবার নীতীশ কুমারের দলের থেকে বেশি আসন পেয়েছে বিজেপি। ফলে মন্ত্রিসভা বণ্টন নিয়ে দুই দলে অনেকটাই আলোচনা হয়।

ঠিক হয়েছে, প্রতি ৬জন বিধায়ক পিছু একজন করে ক্যাবিনেট মন্ত্রী করা হবে। এই অনুযায়ী বিজেপি থেকে মন্ত্রী হতে পারেন ১৫ জন। ১৩-১৪টি মন্ত্রক পেতে পারে নীতীশের জেডিইউ। চিরাগ পাসোয়ানের এলজেপি থেকে ৩ জন মন্ত্রী হবেন। পরে ভাগ হবে কে কোন মন্ত্রক পাবে। আজ শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ সব এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। আজ গান্ধি ময়দানে শপথ অনুষ্ঠানে থাকতে পারে কয়েক হাজার মানুষ।

Related Articles