রাজ্যের খবর

ভাইফোঁটায় অনাথ শিশুদের মুখে হাসি, বসিরহাটে মানবিক উদ্যোগ

সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, বসিরহাটে গত কয়েক দশক ধরে এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম চলমান।

Truth Of Bengal: বসিরহাটে ভাইফোঁটা উপলক্ষে এবার অনাথ ও দুস্থ শিশুদের জন্য আয়োজন করা হল অভিনব অনুষ্ঠান। ৬৯তম নবোদয় সংঘের মহিলারা সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে শতাধিক পথ শিশু ও দুস্থ অনাথদের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র, মিষ্টিমুখ করালেন এবং দুপুরে ভুরিভোজের আয়োজন করে তাঁদের দীর্ঘায়ু কামনা করেন।

সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, বসিরহাটে গত কয়েক দশক ধরে এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম চলমান। কালীপুজো, দীপাবলি এবং গণ ভাইফোঁটার মতো উৎসবকে কেন্দ্র করে তারা প্রতিবছর সীমান্ত ও সুন্দরবনের অনাথ শিশুদের পাশে দাঁড়ান। শিশুদের বঞ্চিত না হওয়া এবং তাদের আনন্দ নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। সংগঠনের নেত্রী শ্রাবন্তী মজুমদার, মৌসুমী দাস, সৌভিক বসু ও কল্যাণ বসু জানান, প্রতিবছরই আমাদের এই কাজ করতে ভাল লাগে।

সম্পূর্ণ নিজের অর্থ দিয়ে আমরা এই উদ্যোগ পরিচালনা করি। কেউ যেন মনে না করে, এই দিনটি কোনো অনাথ শিশুর জন্য বঞ্চনার দিন। অনুষ্ঠানে শিশুদের মঞ্চে তুলে ধানদানা দিয়ে আশীর্বাদ দেওয়া হয়। এরপর তাদেরকে মিষ্টিমুখ ও নতুন বস্ত্র প্রদান করা হয়। দুপুরে আয়োজিত ভুরিভোজের মাধ্যমে শিশুদের দীর্ঘায়ু কামনা করা হয়। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, যতদিন আমরা বেঁচে থাকব, ততদিন মানুষের পাশে থেকে এই পরিষেবা চালিয়ে যাব। আমাদের লক্ষ্য শুধু আনন্দ বিতরণ নয়, শিশুদের জীবনে স্বপ্ন ও আশা জাগানো। এই উদাহরণ অনাথ ও দুস্থ শিশুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সমাজে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

Related Articles