পঞ্জাবের তিন শহরে মদ-মাংস-তামাক নিষিদ্ধ, ধর্মীয় পবিত্রতা রক্ষায় বড় পদক্ষেপ পঞ্জাব সরকারের
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান একটি ভিডিয়োবার্তায় জানিয়েছেন, এই শহরগুলি শিখ সম্প্রদায়ের জন্য অত্যন্ত শ্রদ্ধার স্থান।
Bangla Jago Desk: পঞ্জাবের তিনটি শহরে মদ, মাংস এবং তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই তিনটি শহর হল- অমৃতসরের স্বর্ণমন্দির সংলগ্ন ওয়াল্ড সিটি এলাকা, বঠিন্ডার তালওয়ান্দি সাবো এবং রূপনগরের আনন্দপুর সাহিব। পঞ্জাব সরকার এই তিনটি এলাকাকে ‘পবিত্র শহর’ হিসেবে ঘোষণা করেছে। রবিবার সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান একটি ভিডিয়োবার্তায় জানিয়েছেন, এই শহরগুলি শিখ সম্প্রদায়ের জন্য অত্যন্ত শ্রদ্ধার স্থান। অতএব, এই তিনটি এলাকা ‘পবিত্র শহর’-এর মর্যাদা পায় এবং সেখানে মদ, মাংস ও তামাকজাত দ্রব্য বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বস্তুত, গত মাসে গুরু তেগ বাহাদুরের ৩৫০তম মৃত্যুবার্ষিকীতে আনন্দপুর সাহিবে পঞ্জাব বিধানসভায় একটি বিশেষ অধিবেশন বসে। সেখানেই সর্বসম্মতিক্রমে এই সংক্রান্ত প্রস্তাব পাশ করা হয়। এরপর ১৫ ডিসেম্বর পঞ্জাব সরকার আনুষ্ঠানিকভাবে একটি বিজ্ঞপ্তি জারি করে, যার মাধ্যমে এই তিন শহরকে ‘পবিত্র শহর’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান জানিয়েছেন, এই শহরগুলিতে পুণ্যার্থীদের সুবিধার্থে সমস্ত পরিবহণ ব্যবস্থা – ই-রিকশা, মিনিবাস, শাটল বাস ও অন্যান্য গণপরিবহণ – সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, “এখন থেকে পবিত্র শহরগুলিতে কঠোর বিধি প্রযোজ্য হবে। মাংস, মদ, তামাক এবং যেকোনো নেশাজাতীয় দ্রব্যের বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।” মুখ্যমন্ত্রী বলেন, “এই শহরগুলি শুধু ধর্মীয় স্থানই নয়, বরং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ।”






