পিটবুলের হামলার শিকার পঞ্জাবের দম্পতি, রক্তক্ষয়ী হামলার পর চরম সিদ্ধান্তের পথে পুরসভা!
বাড়ি ভাড়া খুঁজতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন পঞ্জাবের এক দম্পতি।
Truth Of Bengal: বাড়ি ভাড়া খুঁজতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন পঞ্জাবের এক দম্পতি। বাড়ির গেট খুলে ভেতরে প্রবেশ করতেই তাঁদের ওপর আচমকা ঝাঁপিয়ে পড়ে বাড়ির মালিকের পোষ্য পিটবুল। কুকুরের কামড় ও আঁচড়ে মারাত্মকভাবে রক্তাক্ত হন দম্পতি। বিশেষ করে গুরুতর জখম হয়েছেন ওই মহিলা, যাঁর ওপর প্রথম আক্রমণটি হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকদের জটিল অস্ত্রোপচার করতে হয়েছে। পঞ্জাবের পটীয়ালার ঘুমননগর এলাকায় ঘটে যাওয়া এই নারকীয় ঘটনার পর নড়েচড়ে বসেছে স্থানীয় পুর প্রশাসন। হিংস্র প্রজাতির কুকুর শহরে পোষার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিতে চলেছে পুরসভা।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পটীয়ালার বাসিন্দা অঙ্কিত সাভারবাল ও তাঁর স্ত্রী শেফালি ঘুমননগর এলাকায় বাড়ি ভাড়া পাওয়ার উদ্দেশ্যে একটি বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, তাঁরা বাড়ির সীমানা প্রাচীরের বাইরের গেট খুলে উঠোনে পা রাখামাত্রই প্রকাণ্ড পিটবুলটি কোনো উস্কানি ছাড়াই শেফালির ওপর আক্রমণ চালায়। দাঁত ও নখ বসিয়ে দিয়ে তাঁকে রক্তাক্ত করে তোলে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে কুকুরটির আক্রমণের মুখে পড়েন অঙ্কিতও। তাঁর পিঠে ও পায়ে কামড়ে দেয় পিটবুলটি।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে দম্পতি প্রাণপণ চেষ্টা করেও কুকুরটির হাত থেকে রেহাই পাচ্ছেন না। ওই সময় বাড়ির ভেতর থেকে লাঠি হাতে এক মহিলা বেরিয়ে এসে আটকানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে আরও কয়েকজন প্রতিবেশী ছুটে এসে কোনো রকমে তাঁদের পিটবুলের হাত থেকে টেনে বের করে নিয়ে যান।
ইতিমধ্যেই কুকুরটিকে খোলা অবস্থায় রাখার অপরাধে বাড়ির মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত অঙ্কিত। এই ঘটনার তীব্রতা দেখে মুখ খুলেছে পটীয়ালার পুর প্রশাসনও। পটীয়ালার মেয়র কুন্দন গোগিয়া জানিয়েছেন, এই ধরনের হিংস্র প্রজাতির কুকুর শহরের বসতি এলাকায় পোষা সম্পূর্ণ নিষিদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। পুরসভার আসন্ন অধিবেশনে এ বিষয়ে একটি বিশেষ বিল ও প্রস্তাব আনা হবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে।





