তীব্র মানসিক উদ্বেগে রয়েছেন ভারতের কমবয়সি মহিলারা, চাঞ্চল্যকর তথ্য উঠে এল সমীক্ষায়
সমীক্ষায় আরও দেখা গেছে, ১৮-৩৪ বছরের মধ্যে কমবয়সি ভারতীয় মহিলারা সবচেয়ে বেশি পরিমাণে মানসিক উদ্বেগে রয়েছেন।
Truth Of Bengal: কমবয়সি পুরুষদের তুলনায় ভারতের কমবয়সি মহিলারা তীব্র মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠায় ভুগছেন। দেশ জুড়ে চলা সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষায় দেখা গেছে, ভারতের কমবয়সি মহিলারা গড়ে ১২% তীব্র মানসিক উদ্বেগে রয়েছেন। ৩৬% এর বেশি মহিলা প্রচণ্ড মানসিক উৎকণ্ঠায় রয়েছেন। পুরুষদের সংখ্যাটা ২১%। সমীক্ষায় আরও দেখা গেছে, ১৮-৩৪ বছরের মধ্যে কমবয়সি ভারতীয় মহিলারা সবচেয়ে বেশি পরিমাণে মানসিক উদ্বেগে রয়েছেন। ৩৫ বছরের ঊর্ধ্বে মানসিক উদ্বেগে থাকা মহিলাদের সংখ্যা এর দ্বিগুণ বেশি।
চাকরি, সম্পর্ক, নিরন্তর চাহিদার কারণে আজকের ভারতের যুব সমাজ তীব্র মানসিক উদ্বেগে রয়েছেন বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক সমীক্ষায়। মানসিক সুস্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি করতে দেশ জুড়ে প্রচার চালায় হিমালয়া ওয়েলনেস কোম্পানি। সেই সমীক্ষাতেই উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।
দেশ জুড়ে ৭৫ হাজার যুবক-যুবতীর ওপর সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দিল্লির বাসিন্দারা সবচেয়ে বেশি মানসিক উদ্বেগে ভুগছেন বলে দেখানো হয়েছে। এরপরে রয়েছে মুম্বই, কলকাতা ও হায়দরাবাদের বাসিন্দারা। মেট্রো শহরের বাসিন্দারা সবচেয়ে বেশি মানসিক উদ্বেগে ভুগছেন। যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত অনাবশ্যক চিন্তাভাবনা করাকে বেশি দায়ী করা হয়েছে। এছাড়াও কোনো কাজ পরিকল্পনামাফিক না হওয়া, উদ্দেশ্য পূরণ না হওয়ার জেরে মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়া, মানসিক উৎকণ্ঠা ও বিরক্তি প্রকাশকে উপসর্গ হিসাবে বলা হয়েছে।
অন্যদিকে পৃথক আরেকটা সমীক্ষায় বলা হয়েছে, দ্রুত পরিবর্তনশীল নাগরিক জীবনযাপনে কলকাতার বাসিন্দাদের মধ্যে দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণা, অবসাদ ও মেজাজ হারানোর ঝুঁকি উদ্বেগজনক মাত্রায় বাড়ছে। আদিত্য বিড়লা এডুকেশন ট্রাস্টের অধীনে ‘এমপাওয়ার’ সংস্থার অভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষায় পড়াশোনা ও কাজের চাপ, কেরিয়ার গড়ার চাপ, আর্থিক দায়িত্ব, সম্পর্কের টানাপোড়েন, একাকীত্বর মতো সমস্যাকে মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠার জন্য দায়ী করা হয়েছে। কলকাতার ১৭ বছরের অনূর্ধ্ব কিশোর-কিশোরী, ১৮-২৫ বছর বয়সি তরুণ প্রজন্ম, ২৬-৪৯ বছর বয়সি কর্মজীবী মানুষের মধ্যে মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা, মেজাজ হারানোর প্রবণতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।



