বিনোদন

ভক্তদের ভালোবাসার প্রতিদান, এবার দেশবাসীর সঙ্গে আনন্দ ভাগ করে নিতে মিষ্টি পাঠাচ্ছেন বিজয়-রশ্মিকা

খাঁটি দক্ষিণী রীতি মেনে তেলুগু ও কোডাভা নিয়মে তাঁদের চার হাত এক হয়েছে।

Truth Of Bengal: দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডার দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিল। গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে অত্যন্ত ঘনিষ্ঠ মহলে রাজকীয় কায়দায় বিয়ের পিঁড়িতে বসেছেন এই তারকা যুগল। খাঁটি দক্ষিণী রীতি মেনে তেলুগু ও কোডাভা নিয়মে তাঁদের চার হাত এক হয়েছে। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় অভিনন্দনের জোয়ার বইছে এবং তাঁদের সাজপোশাক নিয়ে চর্চা এখন তুঙ্গে।

জীবনের এই নতুন ইনিংস শুরু করার আনন্দ এবার সারা দেশের মানুষের সঙ্গে ভাগ করে নিতে চান নবদম্পতি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে ‘বিরোশ’ (বিজয় ও রশ্মিকা) জানিয়েছেন, তাঁদের এই পথচলায় অনুরাগীদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য তাঁরা কৃতজ্ঞ। আর এই শুভ মুহূর্তকে উদযাপন করতে তাঁরা বেছে নিয়েছেন ভারতীয় ঐতিহ্যবাহী মিষ্টিমুখ ও সেবামূলক কাজকে। আজ ১ মার্চ, রবিবার দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে ভালোবাসা পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন তাঁরা।

নিজেদের আনন্দ ভাগ করে নিতে দেশের ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন মন্দিরে ট্রাক ভর্তি মিষ্টি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বিজয়-রশ্মিকা। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ না থাকলেও তেলেঙ্গানা, দিল্লি, কর্নাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অসম ও বিহারের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলো। মিষ্টি বিতরণের পাশাপাশি তাঁরা ‘অন্নদানম’-এর মতো মহতী অনুষ্ঠানের আয়োজনও করেছেন। আগামী ৪ মার্চ হায়দরাবাদে তাঁদের গ্র্যান্ড রিসেপশন বা বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হবে, যেখানে তারকার মেলা বসবে বলে আশা করা হচ্ছে।