বিনোদন

এক স্ক্রিনে শাহরুখ-অভিষেক, ছবিতে খলনায়কের চরিত্রে জুনিয়র বচ্চন

Shah Rukh-Abhishek on one screen, Junior Bachchan as villain in the film

Truth Of Bengal: অভিষেক বচ্চন। বলিউডে তাঁর অভিনয় বেশ প্রশংসিত। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন চরিত্রের খাতিরে বার বার ভেঙেছেন গড়েছেন নিজেকে। ‘ইউভা’ থেকে শুরু করে ‘রাবণ’, ‘ভোলা’, ‘বব বিশ্বাস’-এর মত ছবিতে খলনায়কের চরিত্রে দর্শক মনে জায়গা করে নিয়েছেন জুনিয়র বচ্চন। ফের একবার তাঁকে দেখা যেতে চলছে খলনায়কের ভূমিকায়।

এবার শাহরুখের বিগবাজেট সিনেমা ‘কিং’ এ খলনায়কের চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন। সূত্রের খবর, বহুপ্রতীক্ষিত এই সিনেমার জন্য চেহারার গড়ন বদলে ফেলবেন অভিষেক বচ্চন। পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরামর্শে নাকি ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ও অভিনেতা।

বলিউড সূত্রে খবর, অ্যাকশন প্যাকড ‘কিং’ সিনেমায় জুনিয়র বচ্চন একেবারে অন্য লুকে ধরা দেবেন। পরিচালক সিদ্ধার্থ আনন্দ ভয়ংকর খলচরিত্রের জন্য আরেকটু রোগা চেহারা চাইছেন। তাঁর প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন অভিনেতা। রীতিমতো জিমে ঘাম ঝরানো শুরু করেছেন অভিষেক।

চলতি বছরের মে-জুন মাসে কিং ছবির শুটিং শুরু হওয়ার কথা। স্বাভাবিক ভাবেই শাহরুখ-অভিষেককে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছে অনুরাগীরা। উল্লেখ্য, অ্যাকশন প্যাকড ছবি ‘কিং’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। প্রথমবার পর্দায় কন্যা সুহানার সঙ্গে একফ্রেমে দেখা যাবে শাহরুখকে। এই স্পাই থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় বাদশাকন্যা থাকছেন। আর তার ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যিনি রহস্য সমাধানে সুহানাকে সাহায্য করবেন। সূত্রের খবর, ২০২৬ সালে মুক্তি পেতে পারে এই ছবি।

Related Articles