Truth of Bengal: বরাহনগরের মসনদ ধরে রাখতে ফের ময়দানে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ২০২৪-এর উপনির্বাচনে জিতে বিধায়ক হলেও, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তাঁর লড়াই এবার হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে। একদিকে বিজেপির সজল ঘোষ এবং অন্যদিকে সিপিএমের সায়নদীপ মিত্র- এই ত্রিমুখী লড়াইয়ের আগে নিজের সম্পত্তির খতিয়ান পেশ করলেন তৃণমূলের এই তারকা প্রার্থী। মনোনয়নপত্রের হলফনামা অনুযায়ী, গত পাঁচ বছরে সায়ন্তিকার সম্পত্তি সামান্য বাড়লেও পাল্লা দিয়ে বেড়েছে ঋণের বোঝাও।
কত টাকার মালিক সায়ন্তিকা?
মনোনয়ন জমা দেওয়ার সময় সায়ন্তিকা জানিয়েছেন, তাঁর হাতে নগদ রয়েছে ৩০ হাজার টাকা। তাঁর নামে মোট ছ’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও দুটি অ্যাকাউন্ট বর্তমানে ‘শূন্য’। তবে স্টেট ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা এবং বরাহনগরের নির্বাচনী খরচ সংক্রান্ত অ্যাকাউন্টে ১০ হাজার টাকা গচ্ছিত রয়েছে। সব মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১ লক্ষ ৮৭ হাজার ৪৩১ টাকা। অবাক করার মতো বিষয় হল, পেশায় সফল অভিনেত্রী ও বিধায়ক হওয়া সত্ত্বেও নিজের নামে কোনও স্থাবর সম্পত্তি বা বাড়ি নেই সায়ন্তিকার।
গাড়ি ও গয়নার শখ, তবে ঋণের ভারও কম নয়
২০২১ সালের তুলনায় সায়ন্তিকার সোনা বা রূপোর গয়নার পরিমাণে বদল আসেনি। তাঁর ৩.৫২ গ্রাম সোনার গয়না রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ৮৪ হাজার ১৭১ টাকা। তবে যাতায়াতের জন্য গত ৩১ মার্চ ৩১ লক্ষ টাকা দিয়ে একটি নতুন গাড়ি কিনেছেন তিনি। এই গাড়ি এবং ব্যক্তিগত লোন মিলিয়ে সায়ন্তিকার মাথার ওপর এখন ৫১ লক্ষ ৬৮ হাজার ৯১১ টাকার ঋণের বোঝা রয়েছে। গত পাঁচ বছরে তাঁর সম্পদ বেড়েছে প্রায় ৪ লক্ষ টাকা।
বেতার ও পরিচ্ছন্ন ভাবমূর্তি
হলফনামায় সায়ন্তিকা জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা বা পুলিশের খাতায় কোনও অভিযোগ নেই। ২০০৮ সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হওয়া সায়ন্তিকার আয়ের মূল উৎস অভিনয় এবং বিধায়ক হিসেবে পাওয়া সাম্মানিক। বৃহস্পতিবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হয়ে বরাহনগরে পদযাত্রা করায় সায়ন্তিকা যে দলের অন্দরে যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন, তা বলাই বাহুল্য।




