কলকাতা

শাহকে ফুল দিচ্ছেন কয়লা মাফিয়া! ছবি দেখিয়ে ‘দুর্নীতি’র কাঠগড়ায় তুললেন অভিষেক

শাহের পাশে আসানসোলের ‘ডন’! বিমানবন্দরে এ কার হাত থেকে গোলাপ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী? ফাঁস হওয়া ছবিতে তোলপাড় বাংলা।

Truth of Bengal: ভোটের মুখে ‘কয়লা মাফিয়া’ ইস্যুতে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকে একটি ছবি প্রকাশ্যে এনে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ছবিতে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে নামার পর আসানসোলের কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খাঁ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছেন। এই ছবি ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।

বিজেপির ইস্তাহার প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা তোপ দেগে অভিষেক বলেন, “বিজেপি নাকি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে শ্বেতপত্র প্রকাশ করবে! অথচ আসানসোলের সব থেকে বড় কোল মাফিয়া অমিত শাহকে ফুল দিচ্ছে। একবার জিজ্ঞেস করুন তো ওঁর থেকে ক’পয়সা নিয়েছেন? আর এই মাফিয়াকে কতবার ইডি-সিবিআই ডেকেছে?” শাহের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গেও জয়দেব খাঁর ছবি এদিন জনসমক্ষে আনেন অভিষেক।

তৃণমূল সেনাপতির সাফ দাবি, দুর্নীতি নিয়ে লম্বা চওড়া ভাষণ দিলেও আসলে ‘মাফিয়া’দের সঙ্গে নিয়েই বাংলায় সরকার গড়তে চাইছে বিজেপি। যে জয়দেব খাঁ-র বিরুদ্ধে কয়লা পাচারের ভুরি ভুরি অভিযোগ, তিনি কেন এখনও কেন্দ্রীয় এজেন্সির নাগালের বাইরে- সেই প্রশ্নও তোলেন তিনি। অভিষেকের কথায়, “যাঁদের বিরুদ্ধে প্রকাশ্য জনসমক্ষে দুর্নীতির প্রমাণ রয়েছে, তাঁদের পাশে বসিয়েই কি বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াই? বাংলার মানুষকে বোকা বানাতে এসেছে বিজেপি।”

নির্বাচনের ঠিক আগে ‘কয়লা মাফিয়া’ ও স্বরাষ্ট্রমন্ত্রীর এই ‘ফুল বিনিময়’ যে বিজেপির জন্য বড় বিড়ম্বনার কারণ হতে চলেছে, তা স্পষ্ট। ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিয়ে অভিষেক বুঝিয়ে দিলেন, দুর্নীতির অস্ত্রে বিজেপিকে বিঁধতে তৃণমূল এক ইঞ্চি জমিও ছাড়বে না। এখন দেখার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাফিয়া-যোগের এই অভিযোগের পাল্টা কী সাফাই দেয় গেরুয়া শিবির।

Related Articles