মেলবোর্নের মঞ্চে দেশের পতাকা তুলবেন রেখা! বিশেষ সম্মানে ভূষিত কালজয়ী অভিনেত্রী
চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে তাঁর অভিনীত কালজয়ী ছবি ‘উমরাও জান’
Truth of Bengal: ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল নাম রেখা। কয়েক দশকের অভিনয়জীবনে অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দিয়ে তিনি আজ কিংবদন্তির আসনে। এবার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন বা আইএফএফএমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্ষীয়ান অভিনেত্রী। উৎসবমঞ্চে ভারতের জাতীয় পতাকাও উত্তোলন করবেন তিনি। ভারতীয় সিনেমায় দীর্ঘ ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রেখাকে ‘এক্সিলেন্স ইন সিনেমা অ্যাওয়ার্ড’-এ সম্মানিত করা হবে। একই সঙ্গে চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে তাঁর অভিনীত কালজয়ী ছবি ‘উমরাও জান’। বহু বছর পর আন্তর্জাতিক মঞ্চে ছবিটির এমন উদ্যাপন ঘিরে আবেগপ্রবণ রেখা।
অভিনেত্রী জানিয়েছেন, ‘উমরাও জান’-এর চরিত্রটি আজও তাঁর জীবন ও স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। বছরের পর বছর ধরে দর্শকের ভালোবাসায় চরিত্রটি নতুন করে বেঁচে উঠেছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেই যাত্রাকে আবার অনুভব করা তাঁর কাছে অত্যন্ত আবেগঘন অভিজ্ঞতা। রেখার কথায়, চলচ্চিত্র তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আইএফএফএমে ‘এক্সিলেন্স ইন সিনেমা অ্যাওয়ার্ড’ পাওয়া তাঁর কাছে বিশেষ সম্মানের। এই স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত অভিনয়যাত্রার নয়, বরং সেই সব পরিচালক, লেখক, সঙ্গীতশিল্পী এবং সহকর্মীর প্রতিও শ্রদ্ধা, যাঁরা তাঁর শিল্পীজীবনকে সমৃদ্ধ করেছেন।
ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নের প্রতিষ্ঠাতা ও উৎসব পরিচালক মিতু ভৌমিক ল্যাঞ্জ রেখাকে ভারতীয় চলচ্চিত্রের কালজয়ী আইকন হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, খুব কম শিল্পীই চলচ্চিত্রের পর্দা ছাড়িয়ে একটি দেশের সাংস্কৃতিক চেতনার অংশ হয়ে উঠতে পারেন। রেখা তাঁদেরই একজন। মিতু আরও জানান, রেখার অসাধারণ অভিনয়জীবন, মার্জিত ব্যক্তিত্ব এবং কয়েক দশক ধরে গড়ে ওঠা তাঁর ঐতিহ্য শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে অসংখ্য দর্শক ও শিল্পীকে অনুপ্রাণিত করেছে।



