Nusrat Jahan: জন্মদিনে অন্য মেজাজে নুসরত! যশের সারপ্রাইজ আর দেশি মুরগির ঝোলে জমজমাট সেলিব্রেশন
বুধবার সকালেই সমাজমাধ্যমে নিজেদের সফরের ছবি দিয়ে ভ্রমণের ইঙ্গিত দিয়েছিলেন তাঁরা।
Truth of Bengal: ৮ জানুয়ারি অভিনেত্রী নুসরত জাহানের জন্মদিন। প্রতি বছর এই বিশেষ দিনটি উদযাপনের জন্য তিনি শহরের বাইরে থাকলেও, ২০২৬ সালে তাঁর পরিকল্পনায় কিছুটা ভিন্ন স্বাদ লক্ষ্য করা যাচ্ছে। এবার খুব দূরে কোথাও না গিয়ে কলকাতার কাছেই শান্তিনিকেতনের বোলপুরে একটি রিসর্ট ভাড়া করেছেন এই তারকা দম্পতি। বুধবার সকালেই সমাজমাধ্যমে নিজেদের সফরের ছবি দিয়ে ভ্রমণের ইঙ্গিত দিয়েছিলেন তাঁরা।
সূত্র মারফত জানা গিয়েছে, নুসরতের এই জন্মদিনের সম্পূর্ণ পরিকল্পনা করেছেন তাঁর স্বামী যশ দাশগুপ্ত। বুধবার রাতে শান্তিনিকেতনে অভিনেত্রীর একটি পেশাদার অনুষ্ঠান ছিল। সেই কাজের মাঝেই মাঝরাত থেকে শুরু হয়েছে জন্মদিনের হুল্লোড়। উদযাপনের শুরুতে মেনুতে ছিল দেশি মুরগির ঝোল। এই আনন্দ ভ্রমণে যশ-নুসরতের সঙ্গে রয়েছে তাঁদের দুই সন্তান এবং প্রিয় পোষ্যরা। জানা গিয়েছে, অভিনেত্রীর দুই ছেলেও মায়ের জন্মদিনের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করে রেখেছে। খাদ্যরসিক হিসেবে নুসরত ও যশের বেশ পরিচিতি রয়েছে। তাই জন্মদিনের দিনে কোনো কড়া ডায়েট না মেনে জমিয়ে খাওয়াদাওয়া করার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। দুপুরের মেনুতে মাংসের বিশেষ পদের পাশাপাশি বিকেলের আয়োজনে থাকছে চকোলেট ফ্লেভারের কেক, যা নুসরতের অত্যন্ত প্রিয়। তবে চমক বজায় রাখতে যশের পক্ষ থেকে আয়োজিত এই কেক বা বিশেষ মেনু সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানেন না অভিনেত্রী।
ব্যক্তিগত উদযাপনের পাশাপাশি কাজের চাপও পিছু ছাড়ছে না তাঁর। চলতি মাসে নুসরতের একগুচ্ছ অনুষ্ঠানের সূচি রয়েছে। ফলে পরিবারের সঙ্গে সময় কাটানোর ফাঁকেই তাঁকে পেশাদার দায়িত্ব সামলাতে হচ্ছে। বোলপুর থেকে কলকাতায় ফেরার পর বন্ধুদের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করার পরিকল্পনাও রয়েছে বলে ঘনিষ্ঠ মহলের খবর।




