লাইফস্টাইল

ভাইফোঁটার মেনুতে রাখুন নতুন চমক, ফল দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু কিছু পায়েস

তিন রকম রান্নার কায়দায় বানিয়ে নিতে পারেন এই বিশেষ পদগুলি

Truth of Bengal: ভাইফোঁটা মানেই ভাইয়ের কপালে ফোঁটা, আর সঙ্গে জমিয়ে মিষ্টিমুখ। প্রতিবছর গোবিন্দভোগ চালের পায়েস কিংবা মিষ্টি দিয়ে ভাইকে আপ্যায়ন করেন? তাহলে এবার স্বাদে আনুন একটু বদল। চালের পায়েসের বদলে বানিয়ে ফেলুন রকমারি ফলের শাহি পায়েস। আনারস, আপেল কিংবা পাকা কলা দিয়ে তৈরি এই পায়েস স্বাদে যেমন অতুলনীয়, তেমনই পুষ্টিগুণেও ভরপুর। দক্ষিণী থেকে কাশ্মীরি, তিন রকম রান্নার কায়দায় বানিয়ে নিতে পারেন এই বিশেষ পদগুলি।

১. কাশ্মীরি আপেল ও ড্রাই ফ্রুটসের পায়েস

উপকরণ:

  • ২টি লাল আপেল, খোসা ছাড়িয়ে গ্রেট করা

  • ১ লিটার ফুল ক্রিম দুধ

  • ৪ চামচ খোয়া ক্ষীর

  • ২ চামচ ঘি

  • আধ কাপ শুকনো খেজুর, ডুমুর ও কাঠবাদাম কুচি

  • আধ চামচ এলাচ ও দারচিনির গুঁড়ো

  • স্বাদমতো চিনি

প্রণালী:

প্রথমে কড়াইয়ে ঘি গরম করে তাতে গ্রেট করা আপেল ও কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটস হালকা করে ভেজে নিন। অন্য একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এবার তাতে খোয়া ক্ষীর মিশিয়ে কম আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। দুধ ঘন ও মালাইয়ের মতো হয়ে এলে ভেজে রাখা আপেল, ড্রাই ফ্রুটস এবং পরিমাণমতো চিনি দিয়ে দিন। কিছুক্ষণ ফুটিয়ে সবশেষে এলাচ ও দারচিনির গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। ঠান্ডা করে পরিবেশন করলে হবে আরও জমজমাট।

 

২. আনারস ও কাঠবাদামের রাজকীয় দক্ষিণী পায়েস

উপকরণ:

  • ২ কাপ ছোট টুকরো করে কাটা আনারস

  • ১ লিটার দুধ

  • ২ চামচ চালের গুঁড়ো

  • ২ চামচ ঘি

  • ৩ চামচ কাজু ও কাঠবাদাম বাটা

  • আধ কাপ চিনি

  • এক চিমটে কেশর

প্রণালী:

প্রথমে কড়াইয়ে ঘি গরম করে আনারসের টুকরোগুলি হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন। এবার অন্য পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। তাতে কাজু-কাঠবাদামের পেস্ট ও চালের গুঁড়ো মিশিয়ে ভালো করে নাড়তে থাকুন, যাতে কোনও দলা না থাকে। দুধ ঘন হয়ে এলে চিনি ও কেশর ভেজানো জল মিশিয়ে দিন। এরপর আগে থেকে ভেজে রাখা আনারসের টুকরোগুলি দিয়ে আরও ৫ মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নিন। উপর থেকে কিছু কাজু ও কাঠবাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

৩. কেরলের কলা-নারকেলের পায়েস

উপকরণ:

  • ৪টি পাকা কলা, ছোট টুকরো করে কাটা

  • ১ কাপ নারকেলের দুধ

  • ১ কাপ আখের গুড়, জলে গুলে ছেঁকে নেওয়া

  • ৩ চামচ ঘি

  • আধ কাপ কাজু ও কিশমিশ

  • আধ চা-চামচ এলাচের গুঁড়ো

  • আধ চা-চামচ শুকনো আদার গুঁড়ো

প্রণালী:

প্রথমে কড়াইয়ে ঘি গরম করে কাজু ও কিশমিশ হালকা ভেজে তুলে রাখুন। ওই ঘিয়েই কলার টুকরোগুলি সোনালি করে ভেজে নিন। এবার কলার মধ্যে গুড়ের জল ঢেলে মাঝারি আঁচে ভালো করে নাড়তে থাকুন। এরপর নারকেলের দুধ মিশিয়ে কম আঁচে রান্না করুন। মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন, যাতে তলায় লেগে না যায়। সবশেষে এলাচ ও শুকনো আদার গুঁড়ো মিশিয়ে ঘিয়ে ভাজা কাজু-কিশমিশ ছড়িয়ে নামিয়ে নিন।