রাজ্যের খবর

পালাবদলের পর প্রথম জগদ্ধাত্রী পুজো, ‘রাজ্য উৎসব’-এর তকমা চন্দননগরের! উদ্বোধনে আসতে পারেন মুখ্যমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Truth of Bengal: রাজ্যে পালাবদলের পর প্রথমবার জগদ্ধাত্রী পুজো। তার উপর এ বছর চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো পেয়েছে ‘রাজ্য উৎসব’-এর স্বীকৃতি। ফলে এবারের উৎসব ঘিরে বাড়তি উন্মাদনা গঙ্গাপাড়ের এই শহরে। আগামী ১৩ নভেম্বর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুজোর আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছে জেলা প্রশাসন।মঙ্গলবার চন্দননগরের কুঠির মাঠ, স্ট্যান্ড রোড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা এবং বিভিন্ন পুজোমণ্ডপ পরিদর্শন করেন জেলাশাসক-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। প্রতি বছরই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগরে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। তার উপর মুখ্যমন্ত্রীর আসার সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্রের খবর, রানি মার পুজো নামে পরিচিত তেমাথা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।

দর্শনার্থীদের ভিড় সামলাতে শহরের নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল, মণ্ডপে প্রবেশ ও বেরনোর পথ এবং সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় পরিষেবার বিষয়গুলি খতিয়ে দেখছে প্রশাসন। পরিদর্শন শেষে জেলাশাসক খুরশিদ আলি কাদরী জানান, জগদ্ধাত্রী পুজোকে সামনে রেখেই এই আগাম প্রস্তুতি। উৎসবের দিনগুলিতে যাতে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। এবারের উৎসবকে ঘিরে সাজসাজ রব চন্দননগরে। আলোর শহরকে আরও বর্ণময় করে তুলতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। আলোয় সাজানো হচ্ছে শহরের বিভিন্ন রাস্তা ও গুরুত্বপূর্ণ এলাকা। চন্দননগরের বিখ্যাত আলোকশিল্পকে আরও বৃহত্তর মঞ্চে তুলে ধরারও উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য, এই ঐতিহ্যকে দেশের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও আরও বেশি পরিচিত করে তোলা।

চন্দননগরের বিধায়ক দীপাঞ্জনকুমার গুহ জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে এ বছর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে ‘রাজ্য উৎসব’-এর মর্যাদা দেওয়া হয়েছে। আগামী ১৩ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে উৎসব। পাশাপাশি চন্দননগরের বিখ্যাত জলভরা সন্দেশকেও এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

Related Articles