ভোটের উত্তাপে ইডির তলব! সিজিও কমপ্লেক্সে হাজিরা নুসরতের, সঙ্গী যশ
ভোটের আগের দিনেই সিজিও-তে নুসরত! ফ্ল্যাট দুর্নীতির জালে এবার কি বিপাকে অভিনেত্রী?
Truth of Bengal: রাত পোহালেই বাংলায় গণতন্ত্রের মহাউৎসব, আর তার ঠিক ২৪ ঘণ্টা আগেই সিজিও কমপ্লেক্সে হাজির টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ নুসরত জাহান। বুধবার সকালে কড়া নিরাপত্তায় সল্টলেকের ইডি দফতরে পৌঁছালেন তিনি। সোমবারই ফ্ল্যাট দুর্নীতি মামলায় তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই নির্দেশ মেনেই আজ নির্ধারিত সময়ে গোয়েন্দাদের মুখোমুখি হলেন বসিরহাটের প্রাক্তন সাংসদ।
এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ টালিগঞ্জের বাড়ি থেকে ইডি দফরের উদ্দেশে রওনা দেন নুসরত। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্তও। বেলা সাড়ে ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সের গেটে যখন গাড়ি থামল, তখন দেখা গেল সাদা সালোয়ার পরিহিত অভিনেত্রীর চোখেমুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। গাড়ি থেকে নেমেই কোনও কথা না বলে সোজা ইডি দপ্তরের ভেতরে ঢুকে যান তিনি। প্রথমে গুঞ্জন উঠেছিল রেশন দুর্নীতি মামলায় তাঁকে ডাকা হয়েছে, কিন্তু পরে স্পষ্ট হয় যে রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা মামলাতেই এই তলব।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, যে সংস্থাটি রাজারহাটে আবাসন তৈরির নাম করে মানুষের থেকে টাকা তুলেছিল, নুসরত জাহান ছিলেন সেই সংস্থার অন্যতম ডিরেক্টর। গত কয়েক মাস ধরে এই মামলার শিকড় খুঁজতে গিয়ে ইডির হাতে বেশ কিছু নয়া তথ্য ও আর্থিক লেনদেনের প্রমাণ এসেছে। সেই সব তথ্যের ভিত্তিতেই অভিনেত্রীকে পুনরায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেছেন আধিকারিকরা।
ইডির একটি সূত্র মারফত জানা গিয়েছে, হাজিরা এড়াতে নুসরত প্রথমে একটি পালটা আবেদন করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ওই সময়ে তিনি দিল্লিতে থাকবেন, তাই দিল্লির দফতরে হাজিরা দিলে তাঁর সুবিধা হয়। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই আবেদন খারিজ করে সাফ জানিয়ে দেয়, কলকাতাতেই হাজিরা দিতে হবে তাঁকে। প্রথম দফার ভোটের ঠিক আগের দিন নুসরতের এই সিজিও যাত্রা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।



