তল্লাশি রাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, এক্স হ্যান্ডেলে জানালো ইডি
ইডি সদর দফতরের ইউনিট জানিয়েছে, পশ্চিমবঙ্গের ৬টি ও দিল্লির ৪টি মিলিয়ে মোট ১০টি স্থানে এই অভিযান চলছে।
Truth Of Bengal: কয়লা পাচার ও অর্থপাচার সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বড়সড় তল্লাশি অভিযান চালিয়েছে। ইডি সদর দফতরের ইউনিট জানিয়েছে, পশ্চিমবঙ্গের ৬টি ও দিল্লির ৪টি মিলিয়ে মোট ১০টি স্থানে এই অভিযান চলছে। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) অনুযায়ী এই তল্লাশি করা হচ্ছে।
তল্লাশি রাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, এক্স হ্যান্ডেলে জানালো ইডি pic.twitter.com/r8j0FwzW3d
— TOB DIGITAL (@DigitalTob) January 8, 2026
এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, অনুপ মাজি নেতৃত্বাধীন একটি কয়লা পাচার চক্র ইসিএল -এর লিজহোল্ড এলাকায় বেআইনিভাবে কয়লা খনন ও চুরি করত। সেই অভিযোগের ভিত্তিতেই প্রমাণনির্ভর তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে।
সংস্থার বিবৃতিতে আরও বলা হয়েছে, মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের উপস্থিতির আগ পর্যন্ত অভিযান শান্তিপূর্ণভাবেই চলছিল। তবে অভিযোগ, পশ্চিমবঙ্গ প্রশাসনের কিছু আধিকারিক ও পুলিশ কর্মী এসে দু’টি স্থানে তল্লাশির সময় জোর করে নথি ও ইলেকট্রনিক প্রমাণ সরিয়ে নেন। কেন্দ্রীয় এজেন্সি ইডি স্পষ্ট করেছে, এই তল্লাশি কোনও রাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় এবং কোনও দলীয় কার্যালয়েও অভিযান চালানো হয়নি। পাশাপাশি, আসন্ন কোনও নির্বাচনের সঙ্গেও এই অভিযানের কোনও যোগ নেই বলে জানানো হয়েছে। অর্থপাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আইন মেনে ও নির্ধারিত সুরক্ষা বিধি অনুসরণ করে তল্লাশি চলছে বলে দাবি ইডির।






