পালিয়েও মেলেনি রক্ষা, এবার ভাঙা হচ্ছে জেলবন্দি ‘পুষ্পা’ জাহাঙ্গিরের ফলতার রাজপ্রাসাদ!
নেপাল সীমান্তে গ্রেফতারের পর এবার ধাক্কা! গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের আলিশান রাজপ্রাসাদ
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে ক্ষমতা বদলের আগে পর্যন্ত যাঁর কথায় ফলতায় বাঘে-গরুতে এক ঘাটে জল খেত, সেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খানের সাম্রাজ্যে এবার বড় আঘাত! রাজ্য থেকে সরকার পরিবর্তনের পর ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এমনকি গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে পালিয়েও যান। কিন্তু শেষরক্ষা হয়নি; নেপাল সীমান্ত এলাকা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই প্রভাবশালী নেতাকে গ্রেফতার করা হয়। বর্তমানে জেলবন্দি ফলতার সেই ‘পুষ্পা’ পরিচিতি পাওয়া জাহাঙ্গির। আর এবার তাঁর বিলাসবহুল প্রাসাদোপম বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করল পুলিশ ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।
ফলতার শ্রীরামপুরে জাহাঙ্গির খানের নির্মিত ওই বিশাল প্রাসাদটি বহুকাল ধরেই বেআইনি বলে অভিযোগ উঠে আসছিল। স্থানীয়দের দাবি, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস শাসনের কারণে প্রশাসনিক স্তর থেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার সাহস দেখাননি আধিকারিকরা। কিন্তু রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ও ক্ষমতা বদলের পর এবার সেই বেআইনি বাড়ির বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করল জেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল থেকেই ফলতার ওই প্রাসাদ সংলগ্ন এলাকা বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়। ঘটনাস্থলে সরাসরি উপস্থিত হন বিডিও সন্দীপ সিংহ রায় সহ জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা ওই বাড়িটি ভেঙে ফেলার জন্য অনেক আগেই নোটিস পাঠানো হয়েছিল এবং ৭ দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও নির্দেশ মানা হয়নি।
অবশেষে আইনি পথ মেনেই জেলা প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করে। মঙ্গলবার সকালে প্রশাসনিক প্রতিনিধিরা পৌঁছানোর পর প্রথমে বাড়ির ভেতরের সমস্ত মূল্যবান আসবাবপত্র ও জিনিসপত্র নিরাপদে বাইরে বের করে এনে রাখা হয়। দীর্ঘক্ষণ ধরে বাড়ি খালি করার কাজ শেষ হতেই বুলডোজার এনে ইমারত ভাঙার কাজ শুরু করা হয়।
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর, দোতলার বেশি উঁচু কোনও বহুতল বা বাড়ি তৈরি করতে গেলে জেলা পরিষদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু জাহাঙ্গিরের এই সুবিশাল প্রাসাদের ক্ষেত্রে কোনও অনুমোদনের পরোয়া করা হয়নি বলে অভিযোগ ছিল। এই নিয়ে আদালতে জল গড়ালে বিচারালয় বেআইনি অংশ গুঁড়িয়ে দেওয়ার অনুমোদন দেয়। আদালতের সেই সবুজ সংকেত পাওয়ার পরেই প্রশাসনিক আধিকারিকরা মঙ্গলবার অ্যাকশনে নামেন। ফলতায় ক্ষমতার জমানা শেষ হতেই প্রাক্তন বিধায়কের প্রাসাদে প্রশাসনের এই বুলডোজার চালানো ঘিরে সমগ্র এলাকায় বিপুল চাঞ্চল্য ছড়িয়েছে।






