
Truth of Bengal: নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। দক্ষিণী তথা বলিউড ইন্ডাস্ট্রির চর্চিত যুগল নাগা-শোভিতা। কিছুদিন আগেই সেরেছেন বাগদান। আর এবার বিয়ের পালা। সূত্রের খবর, ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই গাঁটছড়া বাঁধবেন তাঁরা। শোনা যাচ্ছে, পারিবারিক ঐতিহ্যের কথা মাথায় রেখে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওজেই হবে তাদের বিয়ের অনুষ্ঠান।
তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাস তৈরিতে এই স্টুডিয়োর বিশেষ ভূমিকা রয়েছে। এই স্টুডিয়োটির নির্মাতা নাগা চৈতন্যের দাদু আক্কিনেনি নাগেশ্বর রাও। দাদুর আর্শীবাদ চেয়ে নাগা তাঁর নতুন পথ শুরু করতে চান, তাই এই সিদ্ধান্ত। জানা যাচ্ছে, আক্কিনেনি, দগ্গুবাতি ও ধূলিপালা পরিবারের উপস্থিতিতেই সমস্ত আচার-আচরণ হবে বলে খবর। সবমিলিয়ে পুরোনো স্মৃতি ভুলে নতুন জীবন শুরু করতে প্রস্তুত নাগা চৈতন্য।
উল্লেখ্য, ২০১০ সালে তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’র সেটেই নাকি সামান্থা ও দক্ষিণি সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর প্রেম শুরু হয়েছিল। ২০১৭ সালে দুজনের বিয়ে হয়। কিন্তু সংসার বেশি দিন সুখের হয়নি। ২০২১ সালে দুজনের বিচ্ছেদের ইঙ্গিত মেলে যখন সামান্থা নিজের সোশাল মিডিয়া প্রোফাইল থেকে আক্কিনেনি পদবী বাদ দেন। নাগার সঙ্গে বিচ্ছেদের পর কেরিয়ারে মন দেন সামান্থা।
সামান্থা কেরিয়ারে মন দিলেও নাগা ব্যক্তিগত জীবনে এগিয়ে যেতে চেয়েছিলেন। জানা যায়, ২০২২ সাল থেকে শোভিতাকে ডেট করা শুরু করেন নাগা। যদিও দুজনেই অনেক গোপনীয়তা বজায় রেখে সম্পর্ক চালিয়ে গিয়েছেন। তাও প্রায়ই তাঁদের ঘুরতে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে। সেই শুরু এখন নাগা-শোভিতা নতুন জীবন শুরু করতে চলেছেন।






