রাজ্যের ১ লক্ষ ১০ হাজার চিকিৎসকের নথি যাচাই! ভুয়ো ডাক্তার ধরতে বড় পদক্ষেপ
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ১৯৯৬ সাল থেকে এখনও পর্যন্ত নথিভুক্ত চিকিৎসকদের এই প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।
Truth of Bengal: ভুয়ো চিকিৎসককাণ্ডের জেরে এবার রাজ্যের সমস্ত নথিভুক্ত চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতার নথি যাচাই করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। শুক্রবার স্বাস্থ্য ভবনে সাংবাদিক বৈঠকে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্য মেডিক্যাল কাউন্সিলে প্রায় ১ লক্ষ ১০ হাজার চিকিৎসকের নাম নথিভুক্ত রয়েছে। তাঁদের ডিগ্রি ও বিশ্ববিদ্যালয়ের মান্যতাপত্র নতুন করে যাচাই করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ১৯৯৬ সাল থেকে এখনও পর্যন্ত নথিভুক্ত চিকিৎসকদের এই প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে। SIR-এর ধাঁচে চলবে এই যাচাই প্রক্রিয়া। পাশাপাশি চালু হবে ‘নো ইওর ডক্টর’ বা KYD ব্যবস্থা। তবে কাউকে অযথা হয়রানি করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।
দু’ভাবে হবে নথি যাচাই। চিকিৎসকেরা সরাসরি হাজির হয়ে প্রয়োজনীয় নথি দেখাতে পারবেন। বয়স, অসুস্থতা কিংবা দূরত্বের কারণে যাঁরা আসতে পারবেন না, তাঁদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করা হবে। এই কাজে বেসরকারি সংস্থার সাহায্য নেওয়ার পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের।






